ইডেনে লাইট-ক্যামেরা-অ্যাকশন!  ফিরছে ‘দাদা’র যুগ!  বায়োপিকের শুটিংয়ে নতুন ইনিংস সৌরভের

0

ইডেন গার্ডেন্সের সবুজ ঘাস, গ্যালারির আবেগ আর ইতিহাসের সাক্ষী সেই মাঠ-সেখান থেকেই শুরু হল এক নতুন গল্পের যাত্রা। তবে এ বার ক্রিকেট নয়, ক্যামেরার সামনে জীবন্ত হয়ে উঠছে ভারতীয় ক্রিকেটের এক যুগের প্রতিচ্ছবি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি বায়োপিক ‘দাদা’র শুটিং শুরু হল কলকাতায়। এই সুখবর নিজেই সামনে আনেন অভিনেতা রাজকুমার রাও। সমাজ মাধ্যমে শেয়ার করা তাঁর পোস্টে দেখা যায় ক্ল্যাপস্টিক, যেখানে স্পষ্ট লেখা ছবির নাম- ‘দাদা’। পাশাপাশি ইডেনের ‘সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড’-এর ছবিও শেয়ার করেন তিনি। এই নামকরণেই যেন ফুটে উঠেছে বাঙালির আবেগ-ক্রিকেটপ্রেমীদের কাছে ‘দাদা’ মানেই একটাই নাম, সৌরভ।

প্রথমে চলতি বছরের মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা পিছিয়ে যায়। অন্য একটি ছবির কাজ শেষ করে চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে সময় নেন রাজকুমার। গত দেড় মাস ধরে কড়া অনুশীলন, বাঁ-হাতে ব্যাটিং প্র্যাকটিস, এমনকি সৌরভের শরীরী ভাষা আয়ত্ত করতেও বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। অবশেষে ১ এপ্রিল থেকে শুরু হয় বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং।

লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গের প্রযোজনায়, লাভ ফিল্মসের ব্যানারে তৈরি হচ্ছে ‘দাদা’। পরিচালনায় রয়েছেন বিক্রমাদিত্য মোটওয়ানে। ছবিতে সৌরভের ক্রিকেটজীবনের উত্থান, তাঁর অধিনায়কত্বের সোনালি অধ্যায়, বিতর্ক ও লড়াই-সবটাই তুলে ধরা হবে বলে জানা যাচ্ছে। ১৯৯২ থেকে ২০০৮ পর্যন্ত ভারতীয় দলের হয়ে ১৮,৫৭৫ রান ও ৩৮টি শতরানের মালিক সৌরভকে ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবেই ধরা হয়, আর সেই সময়টাই ছবির মূল কেন্দ্রে থাকবে বলে অনুমান। শুটিংয়ের আগে কলকাতায় এসে একাধিক জায়গায় রেইকি করেন নির্মাতারা। সৌরভের বেহালার বাড়ি থেকে শুরু করে তাঁর শৈশবের অনুশীলনের জায়গা-সবকিছুই ঘুরে দেখেছেন তাঁরা, যাতে গল্পের মুহূর্ত ফুটে ওঠে নিখুঁতভাবে। সৌরভ নিজেও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থেকে স্ক্রিপ্টের খুঁটিনাটিতে নজর রাখছেন বলে খবর। রাজকুমার রাওকে এই চরিত্রের জন্য পারফেক্ট চয়েস বলেও আগেই মন্তব্য করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, এই চরিত্রে রাজকুমারই সঠিক মানুষ এবং তিনি তাঁকে সবভাবে সাহায্য করবেন। যদিও ছবির বাকির বাকি চরিত্র কারা, তা এখনও স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে চণ্ডী গাঙ্গুলীর ভূমিকায় বোমান ইরানি এবং জগমোহন ডালমিয়ার চরিত্রে গজরাজ রাওকে দেখা যেতে পারে। ডোনা গাঙ্গুলীর চরিত্রে এক বাঙালি অভিনেত্রীকে নেওয়ার কথাও শোনা যাচ্ছে, যদিও তা এখনও নিশ্চিত নয়।
শুটিং শুরুর খবর প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। শুভেচ্ছা ও প্রত্যাশায় ভরে উঠেছে কমেন্ট বক্স। এখন অপেক্ষা একটাই-কবে বড়পর্দায় দেখা যাবে ‘মহারাজ’-এর গল্প।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *