‘ছোট্ট সহজ যেন জানতে পারে বাবা কেন চলে গেল’, রাহুল মৃত্যুতে প্রসেনজিৎ সহ সদস্যদের আইনি পদক্ষেপ
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণের পর থেকেই একের পর এক প্রশ্ন উঠছে টলিপাড়ায় অন্দরে। সহকর্মীদের আবেগঘন পোস্ট, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক, সব মিলিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি এই মৃত্যুকে ঘিরে। ঠিক কী ঘটেছিল সেই দিন, তার উত্তর খুঁজতেই এবার আইনি পথে হাঁটছে আর্টিস্টস ফোরাম।
শুক্রবার রাতে টালিগঞ্জ টেকনিশিয়ান্স স্টুডিওতে জরুরি বৈঠকে বসেন ইন্ডাস্ট্রির একাধিক তারকা ও কলাকুশলী। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, পায়েল দে-সহ আরও অনেকে। বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।
ফোরামের তরফে জানানো হয়েছে, ঘটনার পূর্ণ বিবরণ জানতে প্রযোজনা সংস্থাকে চিঠি দেওয়া হলেও, সেই উত্তরে সন্তুষ্ট নয় তারা। বরং ইউনিটের বিভিন্ন সদস্যের বয়ানে একাধিক অসঙ্গতি সামনে এসেছে। কোথাও বলা হচ্ছে শ্যুটিং চলাকালীন দুর্ঘটনা, আবার কোথাও দাবি প্যাক-আপের পর ঘটনা ঘটে। এমনকি পুলিশের হাতে থাকা ফুটেজের সঙ্গেও নাকি মিলছে না এই বয়ান। আর এই কারণেই শুক্রবারের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শনিবার রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।
এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়েও উঠছে বড় প্রশ্ন। সমুদ্রের মতো বিপজ্জনক জায়গায় শ্যুটিংয়ের সময় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। বৈঠক শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, “যে চলে গিয়েছে তাকে ফেরানো যাবে না, কিন্তু ছোট্ট সহজ যেন জানতে পারে বাবা কেন চলে গেল, সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
