রাহুলের মৃত্যুর বিচার চেয়ে রিজেন্ট পার্ক থানায় গেলেন প্রিয়াঙ্কা সরকার, সঙ্গে থাকলেন প্রসেনজিৎ,ঋতুপর্ণারা
শুক্রবার রাতে আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছিল, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে শনিবার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করতে যাবেন প্রসেনজিতেরা। শনিবার ঠিক দুপুর আড়াইটে নাগাদ রিজেন্ট পার্ক থানায় পৌঁছোলেন অভিনেতারা। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা সরকারও। ২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুর পরে একেবারে চুপ ছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা।
এই ঘটনার পর থেকে তোলপাড় গোটা টলিপাড়া। তালসারিতে কী ভাবে ঘটল এমনটা? প্রশ্ন ঘুরছে সকলের মনে। এই প্রশ্নের উত্তর চেয়েই আইনি পরামর্শে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থাকে চিঠি পাঠায় আর্টিস্ট ফোরাম। কারণ, রাহুল তালসারিতে শুটিং করছিলেন ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের। যার প্রযোজক হলেন লীনা গঙ্গোপাধ্যায়। শুক্রবার, আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানিয়েছিলেন, সেই চিঠির যথাযথ উত্তর মেলেনি প্রযোজনা সংস্থার তরফে। তাই তাঁরা পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্তের দাবিতে আইনি পদক্ষেপ করবেন বলে জানান।
মাঝে তিন দিন শিল্পী সংগঠনের তরফেও মেলেনি কোনও উত্তর। তাতে ‘আর্টিস্ট ফোরাম’-এর দিকেও উঠেছিল আঙুল। শুক্রবার রাতে প্রসেনজিৎ ব্যাখ্যা দেন। তাঁরাও রাহুলের চলে যাওয়ার আঘাত সামলে উঠতে পারেননি। তাই নিজেরাও সময় নিচ্ছিলেন। আইনি পরামর্শেই এগোচ্ছিলেন তাঁরা। অনেক বিচার বিবেচনা করে তার পর সিদ্ধান্তে আসেন। প্রসেনজিৎ বলেছিলেন, “সহজ যেন বড় হয়ে জানতে পারে তার বাবা কেন চলে গিয়েছিল। আমরাও জানতে চাই কী ঘটেছিল?” রাহুলের স্মরণে এই দিন পদযাত্রার আয়োজনও করা হয়েছে। শনিবার বিকাল ৪টের সময় টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে রাধা স্টুডিয়ো পর্যন্ত হাঁটবেন কলাকুশলীরা। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস থেকে রাহুলের বন্ধুদের একান্ত অনুরোধ জানিয়েছেন এই পদযাত্রায় যেন রাজনীতির রং না লাগানো হয়।
