‘আমার অপরাধ আমি এখনও বেঁচে আছি?’, রাহুলের সঙ্গে সঙ্গে নিজের ছবিতেও মালা পরিয়ে প্রতিবাদ জীতু কমলের

0

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায়, ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে পথে নেমেছেন ইন্ডাস্ট্রির শিল্পী ও কলাকুশলীরা। শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত আয়োজিত প্রতিবাদ মিছিলে শামিল হন বহু তারকা। আর সেখানেই অভিনব অভিনেতা জীতু কমলের।

মিছিলে রাহুলের ছবির পাশাপাশি নিজের সাদাকালো ছবিতে মালা পরিয়ে হাজির হন জীতু। এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে তিনি তুলে ধরতে চান, একই পরিস্থিতির শিকার তিনিও হতে পারতেন। তাঁর দাবি, জীবিত অবস্থায় শিল্পীরা সমস্যায় পড়লে বা বিপদের মুখে পড়লে যথাযথ সহায়তা পাওয়া যায় না, কিন্তু মৃত্যুর পর শোকপ্রকাশ ও প্রতিবাদে সক্রিয় হয়ে ওঠে সকলে।

আগেও সমাজমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন জীতু কমল। তিনি জানান, শুটিং চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলেও, সেই সময়ে আর্টিস্ট ফোরামের তরফে কোনও সহযোগিতা পাননি। অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও তাঁর সমস্যার সমাধানে এগিয়ে আসেনি কেউ।

এমনকি, এই প্রতিবাদের আগের দিনই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে নিজের শুটিং-সংক্রান্ত অভিজ্ঞতা সামনে এনেছিলেন জীতু কমল। চন্দননগরে গঙ্গার ধারে প্রতিকূল আবহাওয়ার মধ্যে শুটিং করতে অস্বীকার করায় প্রোডাকশন হাউজের তরফে চাপ সৃষ্টি এবং দুর্ব্যবহারের মুখেও পড়তে হয়েছে বলে দাবি অভিনেতার। এই অভিজ্ঞতার কথা ফোরামকে জানালেও কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে আক্ষেপ করেন তিনি। জীতুর বক্তব্য, যদি সেই সময় তাঁর অভিযোগ গুরুত্ব পেত, তাহলে হয়তো পরবর্তী সময়ে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যেত।

এই প্রেক্ষিতেই এইদিন কার্যত প্রশ্ন তোলেন তিনি, শিল্পীদের নিরাপত্তা ও সুরক্ষার দায়ভার আসলে কে নেবে? তাঁর বক্তব্য, শুধু মৃত্যুর পর শোক পালন নয়, কাজের সময় শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত প্রধান দায়িত্ব।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed