ফিরছেন কুইন কঙ্গনা, কুইনের সিকোয়েলের নতুন নামে থাকছে কোন চমক ?

0


কঙ্গনা রনাউত অভিনীত বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘কুইন’-এর সিকোয়েল নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। বহুল প্রতীক্ষিত এই সিকোয়েলের নাম রাখা হবে না ‘কুইন ২’। তবে কোন নতুন নামে পরিচিতি পাবে কঙ্গনা অভিনীত এই ছবি ?

ইন্ডাস্ট্রি সূত্রে খবর,নির্মাতারা ছবির জন্য একাধিক নাম বিবেচনা করেছিলেন।কিন্তু ‘কুইন ফর এভার ‘ নামটিকেই উপযুক্ত বলে মনে করছেন তারা।ছবির ভাবনা ও বিষয়বস্তুর সঙ্গে এই নামটিই মানানসই হবে। শুটিং শুরুর আগেই এই নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।

কঙ্গনা রনাউত অভিনীত এই সিকোয়েল পরিচালনার দায়িত্ব সামলাবেন বিকাশ বহল। যিনি ২০১৪ সালের ‘কুইন’ ছবিটিও পরিচালনা করেছিলেন। তবে ছবির কাস্টিংয়ে থাকবে বড় পরিবর্তন। শোনা যাচ্ছে,প্রথম ছবির কোনও অভিনেতাকেই জায়গা দেওয়া হয়নি এই ছবিতে। শুধুমাত্র কঙ্গনাই ফিরে আসবেন তার ‘রানি’ চরিত্রে।

সিকোয়েল হলেও মূল ছবির সঙ্গে কোনও সরাসরি যোগ থাকবে  না বলেই সূত্রের খবর। বরং ‘রানির’ চরিত্রকে দেখানো হবে এক নতুন পর্যায়ে। তাকে দেখা যাবে শহুরে,আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা এক নারী হিসেবে। গল্পের গুরুত্বপূর্ণ মোড়ে রানিকে আবারও নিয়ে যাবে এক আত্ম-অন্বেষণের পথে। প্রথম ছবিতে যেখানে রানি একা ইউরোপ সফরে দেখা গিয়েছিল, সেখানে এইবার তার যাত্রা সীমাবদ্ধ থাকবে ভারতের বিভিন্ন শহরে। দেশের নানা প্রান্ত ঘুরে নিজের জীবন, স্বপ্ন ও পরিচয়কে নতুনভাবে আবিষ্কার করার গল্পই হবে ছবির মূল আকর্ষণ।

ছবিটির শুটিং শুরু হবে মুম্বইয়ের একটি স্টুডিওতে।সেখানে উত্তর ভারতের একটি শহর এবং রানির বাড়ির সেট তৈরি করা হবে। এরপর দেশের বিভিন্ন মেট্রো শহরগুলিতে আউটডোর শুটিং চলবে।পুরো ছবির কাজ ৩ মাসের মধ্যেই শেষ করা হবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ বক্স অফিসে বিরাট সাফল্য পেয়েছিল এবং প্রায় ৬১ কোটিরও বেশি আয় করেছিল এই ছবি। শুধু তাই নয়,৬২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি ছবি এবং সেরা অভিনেত্রীর সম্মানও জিতেছিল  এই ছবি।

এদিকে, রাজকুমার রাও সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কুইন’ ছবিতে কাজের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “ওটা ভীষণ মজার একটা অভিজ্ঞতা ছিল। কঙ্গনা নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা প্রতিভা। ওর সঙ্গে কাজ করে দারুণ লেগেছিল।” উল্লেখ্য, তিনি প্রথম ছবিতে কঙ্গনার স্বামী ‘বিজয়’- এর চরিত্রে অভিনয় করেছিলেন।

সব মিলিয়ে, ‘কুইন ফর এভার’ নামে নতুন রূপে ফিরতে পারে কঙ্গনা রনাউতের  জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি। গল্প, চরিত্র ও উপস্থাপনায় বড় পরিবর্তনের ইঙ্গিত থাকলেও, ছবির মূল বার্তা এক নারীর আত্ম-অন্বেষণ ও স্বাধীনতার লড়াই অটুট থাকছে। এখন দেখার, ছবির আনুষ্ঠানিক ঘোষণা কবে হয় এবং এই নতুন যাত্রা দর্শককে কতটা মুগ্ধ করতে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *