বৈভব মানেই শুরু থেকেই টপ গিয়ারে, ছাড় পেলেন না বুমরাহও! ১৫ বছরের সূর্যবংশীর ঝড়ে মুগ্ধ হার্দিক
মাত্র ১৫ বছর বয়স, তবু ব্যাট হাতে যেন ঝড় তোলাই স্বভাব-বৈভব সূর্যবংশী আবারও প্রমাণ করলেন কেন তাঁকে নিয়ে এত মাতামাতি। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে জসপ্রীত বুমরাহর মতো বিশ্বসেরা বোলারকেও পরপর ছক্কা হাঁকিয়ে চমকে দিলেন এই কিশোর। তাঁর দাপুটে ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১১ ওভারে নেমে আসা খেলায় টস হেরে আগে ব্যাট করে রাজস্থান রয়্যালস তোলে ১৫০ রান। যশস্বী জয়সওয়াল ৭৭ রানে ইনিংসের মেরুদণ্ড গড়লেও শুরুতেই বিস্ফোরক ছন্দে ম্যাচের ভিত তৈরি করেন সূর্যবংশী। মাত্র ১৪ বলে ৩৯ রানের ইনিংসে ছিল ১টি চার ও ৫টি ছক্কা। যার মধ্যে বুমরাহর প্রথম তিন বলেই দুটি ছক্কা বিশেষভাবে নজর কাড়ে।

বিশ্ব ক্রিকেটে ব্যাটারদের আতঙ্ক বুমরাহর বিরুদ্ধে এমন নির্ভীক ব্যাটিং সহজ নয়। কিন্তু সূর্যবংশীর ব্যাটে যেন গিয়ারের কোনও সীমা নেই-শুরু থেকেই আক্রমণ, কোনও রকম দ্বিধা নয়। তাঁর স্ট্রাইক রেট ছিল চোখ ধাঁধানো ২৭৮-এর বেশি। শেষ পর্যন্ত এই ম্যাচে মুম্বইকে ২৭ রানে হারায় রাজস্থান। ম্যাচ চলাকালীনই বারবার সূর্যবংশীর প্রশংসা শোনা যায় হার্দিক পান্ডিয়ার মুখে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এত কম বয়সী (১৫ বছর) একজনকে এভাবে খেলতে দেখা সত্যিই দারুণ। ওর ব্যাটিংয়ের ধরন এবং ভয়ডরহীনতা অসাধারণ। শুধু ভুল থেকে শিখে এগোতে পারলেই ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’
সংখ্যার বিচারে সূর্যবংশীর উত্থান আরও বিস্ময়কর। ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই টি-টোয়েন্টি লিগে সর্বাধিক রানের রেকর্ড এখন তাঁর দখলে। আইপিএলে ১০ ইনিংসে ৩৭৪ রান, স্ট্রাইক রেট ২১৮-এর বেশি। রয়েছে একটি সেঞ্চুরি, দুটি অর্ধশতরান এবং ৩৫টি ছক্কা। প্রতি ৪.৯ বলে একটি করে ছক্কা হাঁকানোর নজির গড়েছেন তিনি, যা আইপিএলের ইতিহাসে অনন্য। সব মিলিয়ে, বৈভব সূর্যবংশী এখন শুধু প্রতিভাবান কিশোর নন-তিনি হয়ে উঠছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের এক উজ্জ্বল মুখ।
