রাহুলকে শ্রদ্ধার রাতে অদম্য ইস্টবেঙ্গল, ১০ জনে খেলেও তিনবার ঘুরে দাঁড়িয়ে ড্র লাল হলুদ ব্রিগেডের
একদিকে প্রিয় সমর্থক রাহুলের স্মৃতিতে আবেগে ভাসছে গ্যালারি, অন্যদিকে মাঠে ১০ জন নিয়ে লড়াই, সব মিলিয়ে বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এক অবিস্মরণীয় সন্ধের সাক্ষী থাকল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তিনবার পিছিয়ে পড়েও, শেষমুহূর্তে গোল করে ৩-৩ ড্র করল লাল হলুদ ব্রিগেড।তাতে উঠে এল লিগ তালিকার তিন নম্বরেও।
ম্যাচের শুরু থেকেই যুবভারতীর গ্যালারিতে ছিল আবেগঘন পরিবেশ। বিশেষ টিফোতে প্রয়াত অভিনেতা ও ইস্টবেঙ্গল সমর্থক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানান সমর্থকেরা। তাঁর প্রতি ভালোবাসা যেন বাড়তি শক্তি জুগিয়েছিল যেন দলের ফুটবলারদের।

ম্যাচের ১২ মিনিটে আশিক কুরুনিয়ানের দুর্দান্ত গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ইস্টবেঙ্গল। ২১ মিনিটে কর্নার থেকে আনোয়ার আলির ব্যাক ভলিতে সমতা ফেরে। কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় ২৪ মিনিটে, মিগুয়েল ফিগুইরা লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হয় লাল হলুদ। সহকারী কোচ আদ্রিয়ান রুবিওও পরে লাল কার্ড দেখেন, গরমের রাতে আরও যেন উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচ! সংখ্যায় কম হয়েও লড়াই ছাড়েনি ইস্টবেঙ্গল। ৩৯ মিনিটে সুরেশ সিং ওয়াংজামের গোলে আবার এগিয়ে যায় বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে সল ক্রেসপোর গোলে ফের সমতায় ফেরে ইস্টবেঙ্গল।

কিন্তু ৭১ মিনিটে রায়ান উইলিয়ামস গোল করে আবার এগিয়ে দেন বেঙ্গালুরুকে। যেন পেন্ডুলামের মতো দুলতে থাকে ম্যাচ। ঘরের মাঠে খোঁচা খাওয়া বাঘের মতোই শেষপর্যন্ত লড়়াই চালিয়ে যায় ইস্টবেঙ্গল। সব আশা যখন প্রায় শেষ ধরেই নিয়েছিলেন সমর্থকরা, তখনই নাটকীয় প্রত্যাবর্তন। সংযুক্ত সময়ের সপ্তম মিনিটে অ্যান্টন সয়বার্গের গোল ইস্টবেঙ্গলকে তৃতীয়বারের মতো সমতায় ফেরে। যে স্ট্রাইকারকে এতদিন সমালোচনার মুখে পড়তে হয়েছিল, তিনিই হয়ে ওঠেন ম্যাচের নায়ক। প্রায় ৭০ মিনিট ১০ জনে খেলে এই লড়াই শুধু একটা ড্র নয়, হার না মানা মানসিকতার লড়াইয়ের প্রতীক হয়ে রইল। ম্যাচ শেষে কোচ অস্কার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে সমর্থকদের ধন্যবাদ জানান। এই ড্র-এর ফলে লিগ টেবিলে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।

ছবি সৌজন্যে ইস্টবেঙ্গল
