দিল্লি-পঞ্জাব ম্যাচে আতঙ্কের ছায়া! ক্যাচ নিতে গিয়ে ভয়াবহ চোট, মাঠ থেকে হাসপাতালে এনগিডি

0

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসের ম্যাচে নেমে এল আতঙ্কের ছায়া। ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি। ঘটনার আকস্মিকতায় থমকে যায় খেলাও।ঘটনাটি ঘটে দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলের বলে বড় শট খেলতে গিয়ে প্রিয়াংশ আর্য ক্যাচ তুলে দেন। মিড-অফ অঞ্চলে বলটা ধরতে পিছনের দিকে দৌড়ন এনগিডি। তবে বলের নাগাল পেতে গিয়ে ভারসাম্য হারিয়ে ভয়াবহভাবে মাটিতে পড়ে যান তিনি। পড়ার সময় মাথায় জোর ধাক্কা লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
মাটিতে পড়ে যাওয়ার পরই যন্ত্রণায় কাতরাতে থাকেন এনগিডি। কিছু সময়ের জন্য তিনি সাড়া দিচ্ছিলেন না বলেও মনে হয়, যা দেখে উদ্বেগ ছড়িয়ে পড়ে সতীর্থ ও প্রতিপক্ষ ক্রিকেটারদের মধ্যে। দ্রুত মাঠে ছুটে আসেন ফিজিও ও চিকিৎসক দল। পরিস্থিতি বুঝে মাঠে আনা হয় অ্যাম্বুল্যান্স। প্রথমে স্ট্রেচারে তোলার চেষ্টা করা হলেও শরীর শক্ত হয়ে যাওয়ায় কিছুটা সমস্যা হয়। পরে কোনওভাবে তাঁকে অ্যাম্বুল্যান্সে তুলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার জেরে প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। মাঠের আবহ মুহূর্তে বদলে যায়, উচ্ছ্বাসের জায়গায় নেমে আসে উদ্বেগ আর নীরবতা। পরে তাঁর পরিবর্তে মাঠে নামেন দুষ্মন্ত চামিরা। এরপর আবার খেলা শুরু হয়। প্রাথমিকভাবে চোটের গভীরতা সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে মাথার পিছন দিকে বা ঘাড়ে গুরুতর আঘাত লেগে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এনগিডির বর্তমান শারীরিক অবস্থার খোঁজে উদ্বিগ্ন ক্রিকেটমহল। এখন সকলের নজর তাঁর চিকিৎসার আপডেটের দিকে। শেষ খবরে জানা গেছে, তিনি আপাতত সুস্থ আছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *