রাহুলের রেকর্ড সর্বাধিক দেড়শো রানও ম্লান! শ্রেয়সের নেতৃত্বে ২৬৪ তাড়া করে ইতিহাস পাঞ্জাবের

0

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও রানই আর নিরাপদ নয়! শনিবার আইপিএলের মঞ্চে তারই জ্বলন্ত প্রমাণ মিলল। দিল্লি ক্যাপিটালসের তোলা ২৬৪ রানের বিশাল স্কোরও রক্ষা পেল না। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংস সেই রান তাড়া করে গড়ে ফেলল নতুন ইতিহাস, যা আইপিএলের সর্বোচ্চ রান চেজ।পাঞ্জাব কিংস জিতল ৬ উইকেটে। এই জয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রীতি জিন্টার দল।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা যায় কেএল রাহুলকে। মাত্র ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের ইনিংস খেলেন তিনি, যা আইপিএলে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ১৬টি চার ও ৯টি ছক্কার ঝড়ে রাহুল কার্যত একাই ম্যাচের রং বদলে দেন। তাঁর সঙ্গেই সমানতালে লড়াই চালান নীতীশ রানা, ৪৪ বলে ৯১ রানের ইনিংসে বড় অবদান রাখেন তিনি। ফলে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৬৪ রান তোলে দিল্লি।
তবে জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণে যায় পাঞ্জাব। ওপেনার প্রিয়াংশ আর্য (১৭ বলে ৪৩) ও প্রভসিমরন সিং (২২ বলে ৭৬) পাওয়ার প্লেতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। প্রথম ছয় ওভারে ১০০-র বেশি রান তুলে চাপ কমিয়ে দেন তাঁরা। এরপর মঞ্চে আসেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। গুরুত্বপূর্ণ সময়ে তাঁর ৩৬ বলে ৭১ রানের ইনিংসই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাঞ্জাবের হাতে। মাঝপথে তাঁর দুটি সহজ ক্যাচ ফসকানো দিল্লির পক্ষে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিংও ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে পাঞ্জাব। এর আগেও ২০২৪ সালে ২৬২ রান তাড়া করে রেকর্ড গড়েছিল তারা, এবার সেই নজিরও ভেঙে নতুন ইতিহাস লিখল শ্রেয়সের দল। সব মিলিয়ে রাহুলের ‘অতিমানবীয়’ সেঞ্চুরিও ঢেকে গেল পাঞ্জাবের দুরন্ত রান তাড়া করার সামনে, আইপিএলের অন্যতম স্মরণীয় ম্যাচের সাক্ষী রইল দিল্লি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *