পনেরোয় বিস্ময়! বৈভব সূর্যবংশীর সেঞ্চুরিতে কাঁপল হায়দরাবাদ, এল অরেঞ্জ ক্যাপও

0

জাতীয় দলে এখনও সুযোগ পাননি, অথচ আইপিএলের মঞ্চেই একের পর এক ইতিহাস লিখে চলেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ফের শিরোনামে উঠে এলেন এই বিস্ময় প্রতিভা।১২ দিন আগে এই সানরাজার্সের বিরুদ্ধেই প্রথম বলেই শূন্য রানে আউট হতে হয়েছিল বৈভবকে। প্রতিশোধের জন্য যেন তৈরি হয়েই মাঠে নেমেছিলেন। সেই হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ইনিংস যেন কাঁপিয়ে দিল পুরো ক্রিকেট দুনিয়াকে।
সোয়াই মান সিংহ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় বৈভবকে। প্রথম ওভারেই প্রফুল হিঙ্গেকে চারটি ছক্কা মেরে কার্যত ম্যাচের সুর বেঁধে দেন তিনি। আগের ম্যাচে একই বোলারের বলে শূন্য রানে ফিরতে হয়েছিল, সেই হতাশার জবাব যেন ব্যাটেই দিলেন কিশোর ক্রিকেটার। শুধু হিঙ্গে নন, প্যাট কামিন্সের মতো বিশ্বমানের বোলারকেও রেয়াত করেননি বৈভব। তাঁর প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাসের বার্তা দেন। মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি এবং ৩৬ বলে শতরান, আইপিএল ইতিহাসের অন্যতম দ্রুততম সেঞ্চুরির তালিকায় জায়গা করে নিল তাঁর এই ইনিংস। শেষ পর্যন্ত ৩৭ বলে ১০৩ রান করে আউট হন তিনি, ইনিংস সাজানো ৫টি চার ও ১২টি ছক্কায়। এই ইনিংসের সৌজন্যে ২২৮ রানের বড় স্কোর তোলে রাজস্থান রয়্যালস। চলতি মরশুমে ৮ ম্যাচে ইতিমধ্যেই ৩৫৭ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়েও এগিয়ে গিয়েছেন বৈভব।পেয়েও গেলেন অরেঞ্জ ক্যাপ।
মাত্র ৪০ বলের কমে দুটি সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে নজির গড়েছেন এই তরুণ। কয়েকদিন আগেও ব্যর্থতার হতাশা ছিল, আর শনিবার তিনি দেশের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। বয়সে কিশোর হলেও ব্যাট হাতে তাঁর পরিপক্বতা, শট নির্বাচন এবং চাপের মধ্যে নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা বিশেষজ্ঞদেরও মুগ্ধ করছে। অনেকেই মনে করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শিগগিরই জাতীয় দলের দরজাও খুলে যেতে পারে তাঁর জন্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *