‘চোর-চোর’ বনাম ‘জয় শ্রী রাম’! কালীঘাটে স্লোগান-পাল্টা স্লোগানের পর সংঘর্ষ! দৌড় শুভেন্দুর
দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীনই উত্তপ্ত হয়ে উঠল খোদ কালীঘাট। বুধবার দুপুরে ভবানীপুর কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। জয়হিন্দ ভবনের সামনে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ। ‘জয় বাংলা’ ও ‘চোর-চোর’ স্লোগানে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পাল্টা বিজেপি কর্মীরাও ‘জয় শ্রী রাম’ স্লোগান তুললে পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে ওঠে।তৃণমূল কংগ্রেস কর্মী ও শুভেন্দু অধিকারী বিজেপি কর্মী সমর্থকেরা মুখোমুখি স্লোগান চলতে থাকে।
দু’পক্ষের স্লোগান যুদ্ধ হাতাহাতিতে গড়ালে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।‘বহিরাগত’ ধরতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দৌড়তেও দেখা যায় শুভেন্দু অধিকারীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। ভিড় ছত্রভঙ্গ করতে কড়া পদক্ষেপ নেওয়ায় কিছু সময়ের জন্য রণক্ষেত্রের চেহারা নেয় কালীঘাট চত্বর। ঘটনার পর ক্ষোভ উগরে দিয়ে সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁর উপর হামলা চালানো হয়েছে এবং এলাকায় বহিরাগতদের জড়ো করা হয়েছিল। অভিযোগ পাওয়ার পরই কমিশন সক্রিয় হয়ে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে।
অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বিজেপি প্রার্থী। স্থানীয় নেতৃত্বের দাবি, শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নষ্ট করতেই এই উত্তেজনা তৈরি হয়েছে। সকাল থেকেই ভবানীপুরের বিভিন্ন বুথ ঘুরে দেখেন শুভেন্দু অধিকারী। মিত্র ইনস্টিটিউশন-সহ একাধিক কেন্দ্রে গিয়ে জয়ের দাবি জানান তিনি।
