৩১ মে ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুজো,
বিদায়বার্তায় বিস্ফোরক লালহলুদ কোচ

0

মরশুম শেষের আগেই লাল হলুদে বড় ধাক্কা। মরসুম শেষ হলেই ইস্টবেঙ্গলের ডাগআউট থেকে সরে দাঁড়াচ্ছেন কোচ অস্কার ব্রুজো। রবিবার সাংবাদিক বৈঠকে নিজেই জানিয়ে দিলেন, আগামী ৩১ মে-ই ইস্টবেঙ্গল কোচ হিসেবে তাঁর শেষ দিন। তবে শুধু বিদায়ের ঘোষণা নয়, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে কার্যত আলোড়ন ফেলে দিলেন স্প্যানিশ কোচ।
চলতি মরশুমে ইস্টবেঙ্গল আইএসএলে খেতাবের দৌড়ে টিকে রয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে কোচের বিদায়ের ঘোষণা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে। কেন এখনই এই সিদ্ধান্ত? উত্তরে ব্রুজো স্পষ্ট ভাষায় বলেন, তিনি একজন পেশাদার কোচ হিসেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা চান। কিন্তু মে মাসে এসে এখনও আগামী মরশুম নিয়ে কোনও নির্দিষ্ট রূপরেখা, ভিশন বা সংগঠিত পরিকল্পনা দেখতে পাননি।
ব্রুজোর কথায়, গত বছরের ফেব্রুয়ারিতেই তিনি নতুন মরশুমের পরিকল্পনা শুরু করেছিলেন। দল গঠন, প্রতিপক্ষ বিশ্লেষণ, শক্তি-দুর্বলতা বিচার—সব কিছুই তিনি এবং ক্লাবের শীর্ষকর্তারা মিলেই করেছেন। কিন্তু ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনও দিশা না থাকায় হতাশ হয়েছেন তিনি। এমনকি দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের সঙ্গে আলোচনাতেও ধারাবাহিকতার অভাব রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
তবে বিদায়ের সিদ্ধান্তের সঙ্গে অর্থনৈতিক সমস্যা বা ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কোনও যোগ নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন ব্রুজো। তাঁর দাবি, এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। ক্লাব তাঁকে রাখতে চায় কি না, তাও কারণ নয়।
সব বিতর্কের মাঝেও দলের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন ইস্টবেঙ্গল কোচ। জানিয়েছেন, হাতে থাকা বাকি তিন সপ্তাহে তিনি নিজের ‘জীবন, ঘাম এবং রক্ত’ উজাড় করে দেবেন, যাতে আইএসএলে দল সম্ভাব্য সেরা জায়গায় মরশুম শেষ করতে পারে।
বর্তমানে খেতাবের লড়াইয়ে থাকা ইস্টবেঙ্গলের সামনে এখন বড় প্রশ্ন—মরসুমের শেষে নতুন কোচ কে? আর তার থেকেও বড় প্রশ্ন, ব্রুজোর অভিযোগ কি সত্যিই লাল হলুদের অন্দরমহলে অপেশাদারিত্বের ইঙ্গিত? তাঁর বিস্ফোরক বিদায়ী বার্তায় সেই জল্পনাই এখন তুঙ্গে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *