মনখারাপ অতীত প্রেমের সফরে রাজ-শুভশ্রী, অষ্টম বিবাহবার্ষিকীতে বিদেশে একান্তযাপন যুগলের, ইউভান-ইয়ালিনি কোথায়?

0


রাজনীতির ময়দানের তিক্ততা, পরাজয়ের চাপ থেকে খানিক দূরে সরে এবার শুধুই ভালবাসার আশ্রয়ে সময় কাটাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী।জীবনের কঠিন সময়েও পাশে থেকেছেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।তাই অষ্টম বিবাহবার্ষিকীতে সমস্ত ব্যস্ততা ও রাজনৈতিক গ্লানি ভুলে বিদেশে একান্ত সময় কাটাতে পাড়ি দিলেন টলিউডের এই জনপ্রিয় তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের রোম্যান্টিক মুহূর্তের ঝলক প্রকাশ্যে আসতেই তা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।


২০২৬-এর বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ময়দানে নেমেছিলেন রাজ চক্রবর্তী।প্রচারের সময় সাধারণ মানুষের ঢল নেমে পড়েছিল তাঁর প্রচার যানবাহনের দুই পাশে।তবে ফল ঘোষণার দিন তৈরি হয় এক ভিন্ন পরিস্থিতি।গণনাকেন্দ্র ছাড়ার সময় ‘চোর’ স্লোগান,কাদা,ঘুটে ও চটি ছোড়ার মতো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয় পরিচালককে।নেতা হিসেবে তীব্র অপমান সহ্য না করতে পেরেই ফল প্রকাশের ৯৬ ঘন্টার মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি । তিনি বলেন,”২০২৬-এর নির্বাচনই তাঁর রাজনৈতিক সফরের শেষ অধ্যায়।”এই পরিস্থিতির মাঝেই ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিয়েছেন রাজ।অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষে শহরের বাইরে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছেন রাজ-শুভশ্রী।



নিজেদের বিশেষ দিনের একাধিক মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী।কোথাও প্রকৃতির মাঝে দুজনের সময় কাটানোর ছবি,কোথাও সমুদ্রসৈকতের ধারে একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে রাজ-শুভশ্রীকে।ছবির সঙ্গে শুভশ্রী লেখেন ,”শুভ অষ্টম বিবাহবার্ষিকী সঙ্গী।” তবে তাঁদের সফরে দেখা যায়নি দুই সন্তান ইউভান ও ইয়ালিনীকে। সম্ভবত বাড়িতেই রয়েছে তারা। রাজ বরাবরই প্রকাশ্যে জানিয়েছেন, তাঁর জীবনে শুভশ্রীর গুরুত্ব কতটা। রাজনৈতিক ব্যর্থতা বা কর্মজীবনের চাপ কখনও ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলতে দেন না পরিচালক। তাই কঠিন সময়ের পর স্ত্রীর সঙ্গে এই একান্ত সফর যেন তাঁর কাছে নতুন করে স্বাভাবিক জীবনে ফেরারই এক প্রচেষ্টা।



উল্লেখ্য, ভোট-পরবর্তী বিতর্কের সময় সরাসরি কোনও রাজনৈতিক মন্তব্য না করলেও,একাধিক পারিবারিক ছবি পোস্ট করে স্বামীর পাশে থাকার বার্তা দিয়েছিলেন অভিনেত্রী। রাজকে ‘আমাদের সুপারহিরো’ বলেও উল্লেখ করেছিলেন তিনি। এবার বিবাহবার্ষিকীতেও সেই অটুট সম্পর্ক ও ভালবাসার ছবিই আরও একবার সামনে আনলেন শুভশ্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *