‘অভিনেতারা অভিনয় ছাড়া এত কথা বলেন কেন?’ সৌরভের নিশানায় টলিউড
রাজনীতিতে পালাবদলের পর থেকেই যেন বদলে গিয়েছে টলিপাড়ার আবহাওয়া। দীর্ঘদিন চাপা থাকা বহু কথা এবার প্রকাশ্যে উঠে আসছে তারকাদের মুখে মুখে। কেউ সরাসরি বলছেন নিজের অভিজ্ঞতার কথা, কেউ আবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের অস্বস্তিকর বাস্তব তুলে ধরছেন প্রকাশ্যে। সেই তালিকায় শামিল হলেন অভিনেতা সৌরভ দাসও। রাজনৈতিক বদলের পর এবার অনেকটাই খোলামেলা সৌরভ। বুধবার দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘গোর্কির মা’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে রাজনীতি নিয়ে ফের মুখ খুললেন তিনি। কী নিয়ে হতাশা প্রকাশ করলেন সৌরভ?
তিনি বলেন,“অভিনেতারা অভিনয় ছাড়া এত কথা বলেন কেন? আমরা অভিনয় করতে এসেছি।অভিনয় করতে এসে এত কথা বলার কী দরকার?ভারতবর্ষে কোন ইন্ডাস্ট্রি রাজনৈতিক দিক থেকে সক্রিয় ? অভিনয় আর বিনোদনের বাইরে এত রাজনৈতিক বিভাজন হওয়া ঠিক নয়। আমাদের এগুলো থেকে সরে এসে আরও বেশি করে ক্রিয়েটিভ বিষয়গুলিতে লক্ষ্য রাখা উচিত।” বিজেপিতে যোগদান করার কথা উঠলেও সৌরভ স্পষ্ট জানান কোনও রাজনৈতিক দলে যেতে তিনি নারাজ।
এছাড়াও ,তাঁর প্রথম হিন্দি ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়েও কথা বলেন অভিনেতা।তিনি বলেন,“বেঙ্গল ফাইলস যদি কলকাতায় মুক্তি পায়, আমি প্রথম মানুষ হব যে টিকিট কেটে দেখতে যাব। বাংলার মানুষ ছবিটা দেখুক, এটা আমি চাই।” প্রসঙ্গত,২০২৫ সালে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত তাঁর প্রথম হিন্দি ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তি পেয়েছিল।তবে ছবিটি বিভিন্ন রাজনৈতিক কারণে মুক্তি পায়নি কলকাতাতে। ছবিতে ‘গোপাল পাঠা’-র চরিত্রে অভিনয় করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন তিনি। সম্প্রতি,নিজের সোশ্যাল মিডিয়া একটি পোস্টের মাধ্যমে তা তুলে ধরেন সৌরভ।ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনা, কটাক্ষ, এমনকি কাজ হারানোর আশঙ্কার মধ্যেও পড়তে হয়েছিল বলে জানিয়েছিলেন অভিনেতা।সেই সময় মুম্বইয়ে গিয়ে টিকিট কেটে ছবিটি দেখেছিলেন তিনি।তবে বর্তমানে এই ছবি কলকাতায় মুক্তি পাবে কিনা এখনও নিশ্চিত জানা যায়নি।
উল্লেখ্য,দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘গোর্কির মা’ সিরিজটি আগামী ২২ মে ওটিটি -তে মুক্তি পাচ্ছে।সিরিজটি মূলত লেখক ম্যাক্সিম গোর্কির ‘দ্য মাদার’-বইটির অভিযোজনে তৈরি। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়,সৌরভ দাস ও দর্শনা বণিককে।
