‘আমরা পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’,সূরজের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা মৌনীর

0



কয়েকদিন ধরেই মায়ানগরীর অন্দরে মৌনী ও সূরজের সম্পর্ক নিয়ে ছড়িয়েছিল বিচ্ছেদের গুঞ্জন।কান পাতলেই শোনা যাচ্ছিল তবে কি সত্যিই ভাঙছে তারকা দম্পতির সুখের সংসার ?সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করা,সঙ্গে প্রোফাইল থেকে পুরনো ছবি উধাও হয়ে যাওয়া সবকিছু মিলিয়েই বেড়েছিল জল্পনার পারদ।অবশেষে সেই সব জল্পনাতেই সিলমোহর দিলেন তারকা দম্পতি নিজেই।বিচ্ছেদের খবর সামনে আসতেই হতাশ অভিনেত্রীর অনুরাগীরা।



বৃহস্পতিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে যৌথভাবে নিজেদের চার বছরের বৈবাহিক জীবনের বিচ্ছেদের কথা জানান মৌনী ও সূরজ। তাঁরা বলেন,”আমরা পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বিষয়টি শান্তিপূর্ণ ও ব্যক্তিগতভাবে মেটানোর জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।আমাদের ব্যক্তিগত জীবনকে ঘিরে কাল্পনিক গল্প এবং সম্পূর্ণ মিথ্যা তথ্য ছড়িয়ে সেটিকে চাঞ্চল্যকর করে তোলার চেষ্টা করা হয়েছে, যা আমাদের সম্পর্কের বাস্তব চিত্রকে কোনওভাবেই প্রতিফলিত করে না। নিজেদের জীবনের বদলে যাওয়া অগ্রাধিকার নিয়ে গভীরভাবে ভাবনাচিন্তার পর আমরা সম্মান ও পারস্পরিক বোঝাপড়ার সঙ্গে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

যৌথ বিবৃতিতে মৌনী ও সূরজ স্পষ্ট জানিয়েছেন,গত কয়েকদিন ধরে যে নানাধরণের মনগড়া গল্প বানানো হয়েছে,সেই কারণে তাঁরা যথেষ্ট আঘাত পেয়েছে।তাঁদের কথায়,বাস্তবের সঙ্গে এই গুজবের কোনও মিল নেই। তবে বিচ্ছেদের মাঝেও তিক্ততা নয়,সৌহার্দ্যের বার্তাই দিয়েছেন দুজনে।জানিয়েছেন,ভবিষ্যতেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন।একইসঙ্গে অনুরাগীদের কাছে নিজেদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আবেদনও করেছেন।

প্রসঙ্গত,২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় রাজকীয় আয়োজন করে বিয়ে করেছিলেন মৌনী ও সূরজ।বাঙালি এবং দক্ষিণ ভারতীয় দুই রীতিতেই সম্পন্ন হয়েছিল বিবাহ।বিয়ের ছবি থেকে প্রেমের মুহূর্ত সব ছবিই ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।কিন্তু সময়ের সঙ্গে সেই রূপকথার সম্পর্কেই যে ফাটল ধরেছে,তা বোঝা যাচ্ছিল খালি চোখেই।শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেদের পথ আলাদা করার কথাই জানালেন মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *