শহরের অন্ধকারে লুকিয়ে রহস্য!কোন গল্প বলবে সৌরভ দে-র ‘অন্তরাল’?
কলেজ জীবনের বন্ধুত্ব, প্রেম আর উচ্ছ্বাসের আড়ালে যদি লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর অন্ধকার সত্য? সেই রহস্য, মানসিক টানাপড়েন এবং সম্পর্কের জটিল সমীকরণ নিয়েই বড় পর্দায় আসতে চলেছে ‘সিনেনেস্ট মোশন পিকচার্স’ প্রযোজিত নতুন বাংলা মনস্তাত্ত্বিক থ্রিলার ‘অন্তরাল’।ছবিটির পরিচালনায় রয়েছেন সৌভিক দে এবং চিত্রনাট্য রয়েছেন অভিষেক ভট্টাচার্য।


গল্পের কেন্দ্রে রয়েছে এক কলেজ ফেস্টের রাত। আনন্দ আর উদযাপনের মাঝেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় জিনিয়া। কোনো প্রমাণ বা সূত্র না মেলায় সময়ের সঙ্গে সঙ্গে থেমে যায় তদন্তও। কিন্তু জিনিয়ার খোঁজ ছাড়তে পারে না আর্যন। কারণ, সেই রাতেই সে জিনিয়াকে নিজের মনের কথা বলতে চেয়েছিল। এরপর সত্যের খোঁজে নামতে গিয়ে একের পর এক চমকে ওঠার মতো সত্যি সামনে আসে, ভেঙে পড়ে বন্ধুত্বের মুখোশ, জটিল হয়ে ওঠে সম্পর্কের সমীকরণ।


ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুব্রত দত্ত-কে। এক পুলিশ অফিসারের চরিত্রে তাঁর উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করবে। এছাড়াও অভিনয় করেছেন গৌরব রায়চৌধুরী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নতুন মুখ হিসেবে রয়েছেন রিয়ান ঘোষ, দেবপর্ণা পাল, মৌমিতা নিয়োগী এবং পায়েল দাস।সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেব সেন। ছবির গানে কণ্ঠ দিয়েছেন নচিকেতা চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার, সুপ্রতীপ ভট্টাচার্য ও অত্রি মুখোপাধ্যায়। রহস্যময় আবহের সঙ্গে আবেগঘন সংগীত ছবিটিকে আরও গভীর করে তুলবে বলেই মনে করছেন নির্মাতারা।যদিও ছবি মুক্তির তারিখ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পরিচালক সৌভিক দে বলেন, “অন্তরাল শুধু রহস্য বা নিখোঁজ হওয়ার গল্প নয়। এই ছবির মাধ্যমে আমরা মানুষের মনের অন্ধকার দিক, সম্পর্কের জটিলতা এবং চাপা পড়ে থাকা অপরাধবোধকে তুলে ধরার চেষ্টা করেছি। এমন একটি আবেগঘন গল্প বলতে চেয়েছি, যা দর্শককে শেষ পর্যন্ত ভাবতে বাধ্য করবে।”
