‘এই জন্মদিনটা শান্তি ও ভালবাসায় ভরা’,জন্মদিনে ভক্তদের ধন্যবাদ জানিয়ে কী বললেন ভিকি ?
ব্যক্তিগত জীবনকে সবসময়ই আড়ালে রাখতেই পছন্দ করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ।তবে বিশেষ দিনে অনুরাগীদের সঙ্গে ভালবাসার ঝলক ভাগ করে নিতে ভোলেন না এই দম্পতি।৩৮ তম জন্মদিনে ভালবাসাতে ভেসেছেন অভিনেতা।নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে অভিনেতা জানান,এই জন্মদিন তাঁর কাছে ছিল ‘শান্তি ও ভালবাসায় ভরা’।

ইনস্টাগ্রাম স্টোরিতে ভিকি লেখেন, “এই জন্মদিনটা সত্যিই খুব বিশেষ ছিল। শান্তি ও ভালবাসায় ভরা। এত ভালবাসা আর মিষ্টি শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ।”অন্যদিকে, স্ত্রী ক্যাটরিনা কইফ-ও ভিকির জন্মদিনে বিশেষ পোস্ট করেন। ১৭ মে অভিনেতার ৩৮তম জন্মদিন উপলক্ষে ক্যাটরিনা একগুচ্ছ ব্যক্তিগত ছবি শেয়ার করেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিগুলির মধ্যে ছিল তাঁদের ছেলে ভিহানকে নিয়ে এক আবেগঘন পারিবারিক মুহূর্তও। যদিও ছোট্ট ভিহানের মুখ আড়ালেই রাখা হয়েছিল, তবুও ছবিগুলি অনুরাগীদের মন জিতে নেয়।’হ্যাপি বার্থডে বাবা’ লেখা কেকও নজর কেড়েছে নেটিজেনদের।

প্রসঙ্গত, ২০২১ সালে রাজস্থানের সাওয়াই মাধোপুরের ‘সিক্স সেন্সেস ফোর্ট বরওয়ারায়’ ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে বিয়ে করেন ভিকি ও ক্যাটরিনা। ২০২৫ সালের ৭ নভেম্বর তাঁদের প্রথম সন্তান ভিহানের জন্ম হয়।এদিকে, শোনা যাচ্ছে আমির খান অভিনীত জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে ভিকি কৌশলকে। রিপোর্ট অনুযায়ী, ছবিতে তিনি ‘চতুর্থ ইডিয়ট’-এর চরিত্রে অভিনয় করতে পারেন।পরিচালক রাজকুমার হিরানি, আমির খান ও ভিকির মধ্যে ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়েছে। যদিও ছবিটি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
