‘ট্রোলাররা আসলেই জঞ্জাল,ছোটবেলায় স্ট্যাম্প জমাতাম এখন ট্রোলার মৃগয়া করি’,কটাক্ষ ঋত্বিকের
সোশ্যাল মিডিয়ায় তিনি যেন একাই একশো। রাজনৈতিক বিতর্ক হোক,সামাজিক অসঙ্গতি হোক কিংবা ট্রোলারদের আক্রমণ—সব ক্ষেত্রেই নিজের স্বভাবসিদ্ধ বুদ্ধিদীপ্ত রসবোধ আর শ্লেষাত্মক ভাষায় জবাব দিতে সিদ্ধহস্ত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।তাঁর ফেসবুক পোস্ট মানেই কখনও তীক্ষ্ণ ব্যঙ্গ,কখনও প্রতীকী প্রতিবাদ,আবার কখনও এমন এক মন্তব্য যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।সম্প্রতি , ‘ফেরা’ ছবির এক আড্ডায় সোশ্যাল মিডিয়া, ট্রোলার এবং সমালোচকদের নিয়ে নিজের ভাবনা অকপটে তুলে ধরলেন ঋত্বিক।
অভিনেতার কথায়,তিনি কখনওই বিতর্ক তৈরি করতে বা খবরে থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় লেখেন না। বরং একজন সচেতন নাগরিক হিসেবে নিজের মতামত প্রকাশ করেন।ট্রোলারদের প্রসঙ্গে তিনি বলেন,”ট্রোলাররা আসলেই জঞ্জাল।ওঁরা আসলে একটা ছায়া,কোনও মানুষ নয়।ওটা আমার কাছে একটা টাইম পাস।ছোটবেলায় স্ট্যাম্প জমাতাম,এখন আর স্ট্যাম্প জমানো হয় না,তাই ট্রোলার মৃগয়া করি।”
সোশ্যাল মিডিয়ার আড়ালে লুকিয়ে সমালোচনা করার প্রবণতা নিয়েও সরব ঋত্বিক।তাঁর মতে,”সোশ্যাল মিডিয়ার পর্দা পেলেই লোকে হারে রে রে করে।সামনে যদি সত্যি মানুষ বলতে পারত—তোমার এই কথাটা আমার পছন্দ হলো না,তাহলে ব্যাপারটা স্বাস্থ্যকর হতো। সামনে কেউই কিছু বলতে পারে না। সামনে লোকে পিঠ চাপড়ে চলে যেতেই পছন্দ করে।আড়াল পেলে মানুষ তখন মেঘনাদ হয়ে ওঠে।”এরপরই তিনি যোগ করে বলেন,”সামনে বললে হয়তো বলতাম এটা একটা শিরদাঁড়ার জোরের ব্যাপার।দূর থেকে বলছে মানেই সেটা বেলুড়ে শিরদাঁড়া।”
প্রসঙ্গত,ট্রোলারদের সঙ্গে তাঁর বুদ্ধিদীপ্ত বাকযুদ্ধও নেটমাধ্যমে বেশ জনপ্রিয়।এক ট্রোলারের মন্তব্য উদ্ধৃত করে তিনি লিখেছিলেন,”আমার প্রোফাইলে এক ট্রোলার তার সহকর্মীদের সতর্ক করে বলেছে—একে খুব ভেবে চিন্তে কমেন্ট করবেন,ও রিপ্লাই দিলেই অ্যাডভান্টেজে চলে যায়।’আপনারা কী বলেন,মালটা ট্রোলার না হুইসেল ব্লোয়ার?”অন্যদিকে,আবার ইন্ডাস্ট্রির প্রাক্তন নেতা স্বরূপ বিশ্বাসকে নিয়েও তাঁর একটি পোস্টও নেটদুনিয়ায় আলোচনার ঝড় তোলে।সেখানে ঋত্বিক লিখেছিলেন, “চশমায় ক্যামেরা লাগিয়ে গোপনে শ্যুটিং—আসল গুপি শ্যুটিং-এর স্বরূপ উন্মোচন!!”তাঁর এই ব্যাঙ্গ করে বলা কথাও যথেষ্ট নজর কেড়েছিল নেটিজেনদের।
উল্লেখ্য,পৃথা চক্রবর্তী পরিচালিত ‘ফেরা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ঋত্বিক চক্রবর্তীকে।ছবির মূল গল্প বাবা-ছেলের সম্পর্ক,দূরত্ব,অভিমান এবং শিকড়ের টানকে কেন্দ্র করেই ।ছবির অন্যতম আকর্ষণ ঋত্বিক চক্রবর্তী ওরফে ‘পলাশ’ ও বলিউডের বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র-র প্রথম অনস্ক্রিন জুটি।নন্দী মুভিজ প্রযোজিত এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ছবির মানবিক গল্প ও অভিনয় দর্শকের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
