‘এখনও সম্পূর্ণ বিপদমুক্ত নন’, প্রভাসের ছবির শুটিংয়ে পোকার কামড়ে গুরুতর অসুস্থ রাজেশ শর্মা

0


হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটি-তে দক্ষিণী তারকা প্রভাস অভিনীত একটি ছবির শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা রাজেশ শর্মা। অভিনেতার পরিবার ও ঘনিষ্ঠদের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে,শুটিং শেষ হওয়ার পর ঘন গাছপালায় ঘেরা একটি এলাকায় স্থানীয় টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলার সময় সম্ভবত কোনও বিষাক্ত পোকা বা মাকড়সার কামড়ের শিকার হন তিনি। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় ছয় ঘণ্টা পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। ডান পায়ে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। অল্প সময়ের মধ্যেই সংক্রমণটি পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত স্থানে বড় বড় ফোস্কা দেখা দেয়। পাশাপাশি তাঁর উচ্চ জ্বর ও শ্বাসকষ্টও শুরু হয়। রাজেশ দীর্ঘদিনের ডায়াবেটিক হওয়ায় সংক্রমণের সঙ্গে রক্তে শর্করার মাত্রাও হঠাৎ বেড়ে যায়, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।


পরিবারের বিবৃতিতে বলা হয়েছে,”এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা এখনও সম্ভব নয়। রাজেশ এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তিনি এখনও সম্পূর্ণ বিপদমুক্ত নন। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। কারণ, জটিলতার ফলে রক্ত জমাট (ব্লাড ক্লট) বাঁধার আশঙ্কা রয়েছে। সেই জমাট রক্ত যদি ফুসফুসে পৌঁছে যায়, তবে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।”

পরিবারের তরফে আরও জানানো হয়েছে, হাসপাতালের মেডিক্যাল টিমের আনুষ্ঠানিক মূল্যায়নের পর আগামীকাল রাজেশ শর্মার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন মেডিক্যাল আপডেট প্রকাশ করা হবে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল,রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে এসেছে। যদিও চিকিৎসকদের মতে, এখনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে না। আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে।অভিনেতার পরিবার বিবৃতির শেষে সকলের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিশেষভাবে সংবাদমাধ্যম, বেঙ্গল মোশন আর্টিস্টস ফোরাম, রাজেশ শর্মার বন্ধু এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *