‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বন্ধু’,দীর্ঘদিনের বন্ধু রাজেশ শর্মার অসুস্থতায় উদ্বিগ্ন অক্ষয়
হায়দরাবাদে রামোজি সিটিতে শুটিং করতে গিয়ে বিষাক্ত পোকা বা মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা রাজেশ শর্মা।তাঁর অসুস্থ হওয়ার খবর শুনতেই উদ্বেগ ছড়িয়েছে সিনেমা জগতে।সম্প্রতি,’ভূত বাংলা’ ছবিতে রাজেশ শর্মার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে।এবার অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় রাজেশ শর্মার সঙ্গে ছবি ভাগ করে সুস্থতা কামনা করেছেন অক্ষয়।পোকামাকড়ের কামড়ে রাজেশের এমন অসুস্থতার খবর তাঁকে গভীরভাবে চিন্তিত করেছে।মহাদেবের কাছে তিনি বন্ধুর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন।রাজেশকে উদ্দেশ্য করে তিনি লেখেন,”শুটিংয়ের সময় পোকামাকড়ের কামড়ে আমার প্রিয় বন্ধু রাজেশের অসুস্থতার খবর শুনে আমি খুবই উদ্বিগ্ন।মহাদেবের আশীর্বাদে যেন দ্রুত এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে,সেই প্রার্থনাই করছি।তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বন্ধু,এখনও তো একসঙ্গে বসে অনেক হাসাহাসি করা বাকি।”

উল্লেখ্য,সম্প্রতি হায়দরাবাদে প্রভাস অভিনীত একটি ছবির শুটিং শেষ করে কলকাতায় ফেরেন তিনি।শুটিং চলাকালীন একটি বিষাক্ত পোকা বা মাকড়সার কামড়ে আক্রান্ত হন বলে জানা যায়।প্রথমদিকে বিষয়টি গুরুতর বলে মনে না হওয়ায় তিনি শুটিং চালিয়ে যান।কলকাতায় ফেরার পর সমস্যাটি আরও জটিল হয়ে ওঠে।চিকিৎসকদের থেকে জানা যায়,তাঁর রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সংক্রমণ দ্রুত পায়ে গভীরে ছড়িয়ে পড়ে এবং মারাত্মকভাবে ফুলে যায়।সোমবার রাতে অবস্থার আরও অবনতি হলে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে।সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানা গিয়েছে।
অক্ষয় কুমার ও রাজেশ শর্মা একসঙ্গে ‘স্পেশাল ২৬’,’টয়লেট:এক প্রেম কথা’,’লক্ষ্মী’ এবং ‘মিশন রানিগঞ্জ’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। কাজের সূত্রেই তাঁদের মধ্যে গড়ে ওঠে দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুত্ব।প্রিয় বন্ধুর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অক্ষয়।তবে স্বস্তির খবর, চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছেন রাজেশ শর্মা।
