১৮ বছরেই থেমে গেল স্বপ্ন,পথ দুর্ঘটনায় প্রয়াত ‘গডজিলা’ খ্যাত কেলি হটল
হলিউডে নেমে এল শোকের ছায়া।মাত্র ১৮ বছর বয়সে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রবণপ্রতিবন্ধী অভিনেত্রী কেলি হটল।তরুণ অভিনেত্রীর মৃত্যুশোকে স্তব্ধ গোটা হলিউড।’গডজিলা ভার্সেস কং’ এবং ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ ছবিতে জিয়া চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে বিপুল জনপ্রিয়তা পান তরুণ অভিনেত্রী।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফ্রেডেরিক কাউন্টিতে মঙ্গলবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,কেলি যে গাড়িতে ছিলেন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি কালভার্টে ধাক্কা মারে।ঘটনার পরই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।অভিনেত্রীর সঙ্গে থাকা গাড়ির চালক হাসপাতালে ভর্তি হলেও তাঁর আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতিই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।যদিও ঘটনার তদন্ত এখনও চলছে।
কেলির মৃত্যুর খবর প্রথম জানান তাঁর বাবা জোশুয়া হটল।একটি ভিডিয়ো করে তিনি জানান,পরিবারের সবাই এই ঘটনায় ভেঙে পড়েছেন।তবে দুর্ঘটনার জন্য তিনি গাড়ির চালককে ক্ষমা করে দিয়েছেন।কেলি জন্মগতভাবে শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।তাঁর পরিবারের একাধিক সদস্যও শ্রবণ প্রতিবন্ধী।
উল্লেখ্য,কেলি হটল ২০২১ সালে ‘গডজিলা ভার্সেস কং’ ছবিতে জিয়া চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেন।ছবিতে তিনি কং-এর সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজে যোগাযোগ স্থাপন করা এক অনাথ কিশোরীর ভূমিকায় অভিনয় করেছিলেন।ছবিটি করে বিপুল জনপ্রিয়তার পরে ২০২৪ সালের ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ ছবিতেও তাঁকে একই চরিত্রে দেখা যায়।’গডজিলা’ ফ্র্যাঞ্চাইজি ছাড়াও ‘ম্যাগনাম পি .আই’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন কেলি।নতুন একটি ছবিতেও কাজ করার কথা চলছিল তাঁর।কিন্তু মাত্র ১৮ বছরেই থেমে গেল এক সম্ভাবনাময় অভিনয়জীবন।কেলি হটলের অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর সহ-অভিনেত্রী মিলি ববি ব্রাউন,অভিনেত্রী আলাকুয়া কক্স,মার্লি ম্যাটলিন সহ বহু তারকা।
