‘আমার সব গান মুছে ফেলুন,মত পরিবর্তন হবে না’,ভক্তকে সপাটে জবাব অরিজিতের
নিজের শিরদাঁড়া সোজা রাখার প্রমাণ বরাবরই দিয়ে আসছেন অরিজিৎ সিং।সামাজিক পরিস্থিতিতে সরব হয়ে চোখে আঙুল দিয়ে ভুলের বিরুদ্ধে সরব হওয়াই যেন তাঁর স্বভাব। সম্প্রতি, দিল্লিতে পড়ুয়াদের সংসদ অভিযানের সময় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ ওঠে। এই ঘটনার তীব্র নিন্দা করে ককরোচ জনতা পার্টির তরুণ প্রজন্মের সমর্থনে সরব হয়েছেন অরিজিৎ সিং।সোশ্যাল মিডিয়ায় পুলিশ, নেতা- মন্ত্রীদের তুলোধোনা করে তিনি প্রশ্ন তোলেন,”পড়ুয়াদের মারধর করছে ওরা!হ্যালো,দিল্লি পুলিশ,আপনাদের কি লজ্জা হচ্ছে না?নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে ভাই!আপনারা কি এ বার নিজেদেরই ভগবান মনে করছেন?”মহাদেবের নাম নিয়েও অরিজিৎ জানান, পরিবর্তনই চিরন্তন সত্য।অনেকেই তাঁর সাহসিকতার প্রশংসা করলেও কয়েকজন ভক্ত তাঁর করা মন্তব্যে আপত্তি তোলেন।তাঁরই একজন ভক্ত বিস্ফোরক মন্তব্য করেন এই পোস্টের বিরুদ্ধে।যদিও চুপ করে থাকেননি অরিজিৎ।তবে কী বললেন তিনি ?
ইশরত নামের এক ভক্ত তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে লেখেন,”এটা কোনও সিজেপি বা সরকারের বিষয় নয়। কিন্তু আপনার প্রতি আমার যে শ্রদ্ধাটুকু ছিল, সেটাও আজ হারিয়ে ফেললাম।এর পিছনে অনেক কারণ আছে।কিন্তু আপনি বলেই দিয়েছেন, আমার মতামতে আপনার কিছু যায় আসে না।এত দিন আপনার ভক্ত থেকে এটাই বোধহয় আমার প্রাপ্য ছিল। কিন্তু এখন আপনাকে মন থেকে ঘৃণা করি।”

তবে নিজের ভক্তকেও জবাব দিতে ছাড়েননি অরিজিৎ। নিজের এক্স অ্যাকাউন্ট ‘হু অ্যাম আই’ থেকে অরিজিৎ লেখেন, “কেউ আমাকে সম্মান করে কি না, তা নিয়ে আমি ভাবি না। অন্য কারও মতামত নিয়েও আমি বিচলিত নই। কারণ প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে। আপনি আমার ভক্ত বলেই আমি আপনার মনমতো কথা বলব, এমন কোনও বাধ্যবাধকতা নেই।”এরপর তিনি সেই ভক্তের প্রতি সম্মান জানিয়ে লেখেন, “মানুষ হিসেবে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। আমার কথায় যদি আপনার আবেগে আঘাত লেগে থাকে, তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া ছিল না। আমি শুধু এই ঘটনাটি নিয়ে রাগ ছিল। আমাকে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করার জন্য ক্ষমা করবেন।”
তবে নিজের অবস্থান থেকে যে তিনি সরে আসবেন না, একথাও স্পষ্ট করে দেন গায়ক।তিনি লেখেন,”আপনি চাইলে আপনার প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে ফেলতে পারেন। আমার অস্তিত্বও ভুলে যেতে পারেন। সুখে থাকুন, মন থেকে আপনার জন্য শুভকামনা রইল। কিন্তু আমার মতামতে কোনও পরিবর্তন আসবে না। ভালো থাকবেন।”
