‘আমার হৃদয় বারবার ভেঙেছে, আবার আশায় জোড়াও লেগেছে’,পড়ুয়াদের পাশে এ বার আলিয়া
সলমন খানের পর এ বার নিট পরীক্ষার কারচুপির অভিযোগ ঘিরে দিল্লির যন্তর মন্তরে চলা পড়ুয়াদের আন্দোলনের প্রতি সমর্থন জানালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। দীর্ঘদিন দিন ধরেই আমির খানের পাশাপাশি তাঁকে নিয়েও উঠেছিল প্রশ্ন। ছাত্রদের এমন পরিস্থিতিতেও কী করে চুপ আছেন তাঁরা?প্রশ্ন একাংশের।এই আবহেই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা শেয়ার করে তিনি আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সাহস, ধৈর্য এবং দৃঢ়তার প্রশংসা করেছেন।
ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করে আলিয়া জানান, গত কয়েকদিনের ঘটনা তাঁকে একইসঙ্গে ভেঙেও দিয়েছে, আবার আশাও জুগিয়েছে। তাঁর কথায়,”গত কয়েক দিন আমার হৃদয়কে বারবার ভেঙে দিয়েছে, আবার সেই হৃদয়কেই আশায় ভরিয়ে জোড়া লাগিয়েছে।নিজেদের দাবিতে অটল হয়ে দাঁড়িয়ে থাকা প্রতিটি পড়ুয়ার পিছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের প্রতিনিধিত্ব করছে না, বরং তাঁদের পাশে থাকা প্রত্যেক মানুষের স্বপ্নকে তুলে ধরছে। একই সঙ্গে তারা আগামী প্রজন্মের জন্য আরও ভালো একটি পথ তৈরি করছে।”
আলিয়া লেখেন,”ওদের সাহস আমাকে বিনম্র করে। ওদের দৃঢ়তা যেন আমাদের সকলের সামনে একটি আয়না তুলে ধরে, প্রশ্ন করে যাঁরা আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ গড়বে, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি?” পোস্টের শেষে তিনি লেখেন, “পড়ুয়াদের জন্য, পড়ুয়াদের দ্বারাই। ভবিষ্যৎ তাঁদেরই। জয় হিন্দ।”
উল্লেখ্য ,দিল্লির যন্তর মন্তরে চলা পড়ুয়াদের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে বৃহস্পতিবার গভীর রাতে আন্দোলনস্থলে পৌঁছান বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। রাত প্রায় ২টো নাগাদ ভাই সাকিব সালিমকে সঙ্গে নিয়ে তিনি আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পাশে থাকার বার্তা দেন।শুধু হুমা কুরেশিই নন, গত কয়েক দিনে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন রাজকুমার রাও, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ, অনুপম খের, শাবানা আজমি এবং জাভেদ আখতার। পড়ুয়াদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে তাঁরা স্বচ্ছ তদন্ত ও শিক্ষা ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
