‘তরুণদের ভবিষ্যত নিয়ে খেলা চলবে না’, সরকারের কাছে শাস্তির দাবি জানিয়ে অবশেষে মুখ খুললেন মাধবন

0


অবশেষে মুখ খুললেন ‘থ্রি ইডিয়টস’- এর ‘ফারহান’ অর্থাৎ অভিনেতা আর. মাধবন। দিল্লিতে ছাত্র আন্দোলনের সমর্থনে শুরু থেকেই পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের বহু তারকা।কিন্তু চুপ ছিলেন বেশ কিছু তারকাদের অংশ। তাঁর মধ্যে অন্যতম নাম আর. মাধবন।তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত  নিতেই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বার্তা প্রকাশ করেন আর.মাধবন। শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের প্রতি সমর্থন জানান অভিনেতা।

বৃহস্পতিবার নিজের ইন্সটাগ্রামে মাধবন লেখেন, “শিক্ষাই একটি দেশের ভবিষ্যৎ গড়ে তোলে। তাই প্রত্যেক ছাত্রছাত্রীর অধিকার এমন একটি শিক্ষাব্যবস্থা, যা ন্যায্য, স্বচ্ছ এবং সম্পূর্ণ মেধাভিত্তিক।” তাঁর মতে, ভারতের তরুণ প্রজন্মের সম্ভাবনার উপর তাঁর অগাধ আস্থা রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে পড়ুয়া ও অভিভাবকদের হতাশা তিনি অনুভব করতে পারছেন।প্রশ্নফাঁসের ঘটনার প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, “এই ধরনের ঘটনা শুধু একটি পরীক্ষার বিশ্বাসযোগ্যতাই নষ্ট করে না, অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যতের উপরও বড় আঘাত হানে।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “যাঁরা এই ঘটনার জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া হোক। শাস্তি এমন হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে সাহস না পায়।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, অতীতের ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সরকার প্রয়োজনীয় সংস্কার করবে এবং শিক্ষাব্যবস্থার সততা আরও মজবুত করবে।আন্দোলনরত পড়ুয়াদের উদ্দেশে মাধবনের বার্তা, “আজ যারা উদ্বিগ্ন বা হতাশ, তারা আশা ছেড়ো না। তোমাদের মেধা, অধ্যবসায় এবং চরিত্র যে কোনও ব্যবস্থার সীমাবদ্ধতার চেয়েও শক্তিশালী। কঠোর পরিশ্রম চালিয়ে যাও এবং নিজের উপর বিশ্বাস রেখো।”

পাশাপাশি তিনি শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে বলেন, “অর্থবহ পরিবর্তনের দাবিতে যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, তাদের দৃঢ়তা আমাকে অনুপ্রাণিত করে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনও স্বার্থান্বেষী গোষ্ঠী এই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্যকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে।”পোস্টের শেষে মাধবন জানান, প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে নিজের মত প্রকাশের অধিকার রয়েছে।তিনি দেশের যুবসমাজের পাশে রয়েছে। তাঁর কথায়,” আমি দেশের যুবসমাজের পাশে আছি, ইতিবাচক পরিবর্তনের পক্ষে আছি এবং বিশ্বাস করি, আমরা সবাই মিলে আরও শক্তিশালী ও উজ্জ্বল ভারত গড়ে তুলতে পারব।”

উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি-র ডাকা ‘চলো সংসদ’ কর্মসূচিতে দিল্লির যন্তর মন্তরে পঞ্চাশ হাজারেরও বেশি পড়ুয়া জমায়েত করেছিলেন।সংসদের দিকে মিছিল এগোতেই পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বলিউডের একাধিক তারকা আন্দোলনকারীদের সমর্থনে সরব হলেও দীর্ঘ সময় নীরব ছিলেন আর মাধবন। মাধবন এফটিআইআই-এর চেয়ারম্যান হওয়ায় তাঁর নীরবতা ঘিরে প্রশ্ন উঠেছিল।প্রতিবাদ হিসেবে পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে তাঁর দফতরের বাইরে ছাত্রছাত্রীরা ‘নিখোঁজ’ লেখা পোস্টার টাঙিয়েছিলেন।সেই ছবিও সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল।তবে এ বার মোদীর পদক্ষেপের পরেই সমর্থন জানালেন অভিনেতা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *