অসমে বন্যায় আটকে মা, কান্না সামলে ত্রাণ সংগ্রহে অভিনেত্রী দেবলীনা

0



অসমের ভয়াবহ বন্যার ছবি সামনে এনে কয়েকদিন আগেই কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। জানিয়েছিলেন, তাঁর মা এখনও বন্যাকবলিত নাজিরায় আটকে রয়েছেন। দিদিমা, মাসিদের বাড়ি জলের তলায়। চোখের সামনে শৈশবের চেনা জায়গা ধ্বংস হতে দেখে নিজেকে অসহায় মনে হলেও, সেখানেই থেমে থাকেননি তিনি।
এবার দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ অভিযানে নেমেছেন অভিনেত্রী। ফেসবুকে দেওয়া সর্বশেষ আপডেটে দেবলীনা জানিয়েছেন, তিনি আগে যে আবাসনে থাকতেন, সেখানেও অসমের বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহের আবেদন করেছিলেন। সেই আহ্বানে সাড়া মিলেছে। পাশাপাশি বর্তমানে যে আবাসনে থাকছেন, সেখানেও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা হচ্ছে।
অভিনেত্রীর কথায়, দুই জায়গা থেকে সংগ্রহ করা সমস্ত ত্রাণসামগ্রী একত্রিত করে আগামী ৫ আগস্ট অসমে পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেছেন, এই সামান্য উদ্যোগও দুর্গত মানুষের কিছুটা হলেও কাজে লাগবে। এর আগে দেবলীনা জানিয়েছিলেন, ছোট সন্তানকে নিয়ে এখনই অসমে যেতে না পারার আক্ষেপ তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে। তাই দূরে থেকেও নিজের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর পথই বেছে নিয়েছেন তিনি। আবেগঘন আবেদন জানিয়ে অনুরাগীদেরও অসমের বন্যাদুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *