কলম – বুম নামিয়ে এ বার পায়ে বল! সংবাদ নয়, এবার গোলের গল্প লিখবেন সাংবাদিকরাই

0



নিউজ, এক্সক্লুসিভ কিংবা ব্রেকিং, প্রতিদিনের ব্যস্ততার অভিধান যেন এটাই। কখনও ক্যামেরার সামনে, কখনও কলম হাতে, আবার কখনও লাইভ আপডেটের চাপে ছুটে চলাই যাঁদের নিত্যদিনের কাজ, সেই সাংবাদিকরাই এবার নামবেন ফুটবল মাঠে। টিআরপি, পেজভিউ কিংবা ভিউসের হিসেব কিছুক্ষণের জন্য তুলে রেখে লক্ষ্য হবে শুধু গোল। বিশ্বকাপের উন্মাদনার রেশ এখনও ফিকে হয়নি। সেই আবেশকে সঙ্গী করেই এবার মাঠে গড়াতে চলেছে সাংবাদিকদের নিজস্ব ফুটবল মহারণ।
সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে সুস্থ জীবনযাপন, ফিটনেস, পারস্পরিক বন্ধুত্ব এবং খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই মার্লিন গ্রুপ এবং ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাব (সিএসজেসি)-এর যৌথ উদ্যোগে হবে ‘মার্লিন সিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। সম্প্রতি সিএসজেসি ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং আলভিটো ডি’কুনহা। তাঁরা টুর্নামেন্টের খেলার সূচি নির্ধারণের জন্য লটারি তোলেন। দু’দিনের এই ফাইভ-এ-সাইড ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মার্লিন গ্রুপের স্পোর্টস টাউনশিপ ‘মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক’-এ। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে মোট ২৩টি দল। কলকাতার প্রথম সারির প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যমের সাংবাদিকরাই মাঠে নামবেন নিজেদের দক্ষতা দেখাতে।
আগের বছরের মতো এবারও প্রতিযোগিতা হবে দুটি বিভাগে, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক/ডিজিটাল মিডিয়া। দুই বিভাগ থেকেই আলাদাভাবে চ্যাম্পিয়ন দল বেছে নেওয়া হবে। প্রিন্ট মিডিয়া বিভাগে অংশ নিচ্ছে এই সময়, সংবাদ প্রতিদিন, আজকাল, জাগো বাংলা, যুগশঙ্খ, সিএসজেসি, উত্তরবঙ্গ সংবাদ, ইস্টবেঙ্গল সমাচার, দৈনিক জাগরণ, ফটোগ্রাফার্স টিম, প্রেস ক্লাব এবং দ্য ইকো অফ ইন্ডিয়া। অন্যদিকে ইলেকট্রনিক ও ডিজিটাল বিভাগে থাকছে টিভি৯ বাংলা, আনন্দবাজার ডট কম, বিশ্ববাংলা সংবাদ, ইউটিউব বুলেটস, স্পিরিট অফ ময়দান, লেটস ফুটবল, আইএফএ টিভি, রেভস্পোর্টজ, তারা নিউজ, আজকাল ডট ইন এবং ইউটিউব ফাইটার্স।
মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা বলেন, ‘খেলাধুলা আমাদের একসঙ্গে কাজ করতে এবং শৃঙ্খলাবদ্ধ হতে শেখায়। সিএসজেসি-এর সঙ্গে আমাদের এই উদ্যোগটি চালিয়ে যেতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’ মার্লিন গ্রুপের ডিরেক্টর সত্যেন সাংভি বলেন, ‘মার্লিন রাইজ-এ আরও একবার এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত। সংবাদমাধ্যমের বন্ধুদের আমরা এখানে স্বাগত জানাই।’ সিএসজেসি-র সভাপতি অর্চিষ্মান ভাদুড়ী বলেন, ‘মিডিয়ার কর্মীদের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট। এর ফলে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হয়। সবরকম সাহায্যের জন্য মার্লিন গ্রুপকে অসংখ্য ধন্যবাদ।’ ফুটবলের প্রতি ভালোবাসা, কর্মব্যস্ত জীবনের ফাঁকেও শরীরচর্চার বার্তা এবং সহকর্মীদের সঙ্গে মাঠে একসঙ্গে লড়াই করার আনন্দ— সব মিলিয়ে আবারও সাংবাদিকদের জন্য এক অন্যরকম উৎসব হয়ে উঠতে চলেছে ‘মার্লিন সিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। এবার নিউজরুমের প্রতিদ্বন্দ্বিতা নয়, লড়াই হবে সবুজ ঘাসের মাঠে; লক্ষ্য একটাই— সেরা হওয়ার দৌড়ে গোলের ঠিকানা খুঁজে নেওয়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *