শরীরে অস্ত্রোপচার, গলায় রফির গান! সুরেই যন্ত্রণা ভুললেন সোনু নিগম
অপারেশন থিয়েটারে তখন চলছে অস্ত্রোপচার। শরীরের এক অংশে চিকিৎসকদের ব্যস্ততা, আর সেই কঠিন মুহূর্তেই অন্য এক জগতে সোনু নিগম। তাঁর কণ্ঠে ভেসে উঠল মহম্মদ রফির কালজয়ী গান- ‘সুহানি রাত ঢল চুকি’। কনসার্টের মঞ্চে নয়, একেবারে অপারেশন টেবিলে শুয়ে গাইলেন সোনু। সেই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিস্ময় ছড়িয়েছে নেটপাড়ায়। আবেগে আপ্লুত গানের ভক্তরাও।
জানা গেছে, বাঁ হাতের অনামিকা আঙুলে বারবার একটা গুটি বা বাড়তি অংশ তৈরি হচ্ছিল সোনুর। সেই সমস্যার চিকিৎসার জন্যই সম্প্রতি অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। কিন্তু অস্ত্রোপচারের মধ্যেই গান কেন? সোনুর ব্যাখ্যা, এর পিছনে কোনও পরিকল্পনা ছিল না। মুহূর্তটা নিজে থেকেই তৈরি হয়ে যায়। গান তাঁর কাছে এতটাই স্বাভাবিক যে কঠিন পরিস্থিতিতেও সুরই যেন হয়ে ওঠে তাঁর আশ্রয়। অপারেশন থিয়েটারে উপস্থিত চিকিৎসকরাও তাঁর গান শুনে অবাক হওয়ার পাশাপাশি উপভোগ করেন সেই মুহূর্ত।
আর এখানেই যেন ঘটনাটা আরও আবেগের হয়ে ওঠে। কারণ গানটা মহম্মদ রফির। কিংবদন্তি এই শিল্পীকে একাধিকবার নিজের অনুপ্রেরণা ও গুরু বলে উল্লেখ করেছেন সোনু। ২০২৬ সালের মে মাসেও এক কনসার্টে রফির গান গেয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি। এবার জীবনের এক কঠিন মুহূর্তে সেই গুরুর গানই যেন সোনুর কণ্ঠে হয়ে উঠল সাহসের সঙ্গী।

১৯৪৯ সালের ছবি ‘দুলারি’র ‘সুহানি রাত ঢল চুকি’ আজও শ্রোতাদের মনে অমলিন। এতদিন যে গান মঞ্চ, রেডিও কিংবা কনসার্টে শোনা গিয়েছে, এ বার সেটাই ধরা দিল অপারেশন থিয়েটারের নিস্তব্ধতায়। শরীরে চলছিল অস্ত্রোপচার, অথচ সোনুর মন তখনও ডুবে ছিল সুরের জগতে। শিল্প যে কখনও কখনও যন্ত্রণারও ঊর্ধ্বে উঠে মানুষের আশ্রয় হয়ে উঠতে পারে, সোনুর এই মুহূর্ত যেন তারই এক আবেগঘন প্রমাণ। এর আগে জুন মাসেও নিজের শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন সোনু। ফিজিওথেরাপি ও ব্যথার ওষুধের প্রসঙ্গও জানিয়েছিলেন তিনি। ফলে নতুন করে অস্ত্রোপচারের খবর ঘিরে অনুরাগীদের উদ্বেগ থাকলেও, অপারেশন থিয়েটার থেকে সোনুর এই গান যেন তাঁদের মনে নতুন করে ভালবাসা ও শ্রদ্ধা জাগিয়েছে।
