‘তোমাকে কখনও হারাতে চাই না’! চুমুর চর্চা পেরিয়ে জন্মদিনে বনিকে আগলে কৌশানি

0



টলিপাড়ার প্রেমের গল্পে ঝড় উঠেছিল, কিন্তু জন্মদিনে যেন নিজেই সেই ঝড় থামিয়ে দিলেন কৌশানি মুখোপাধ্যায়। বনি সেনগুপ্তের জন্মদিনে তাঁর সঙ্গে একের পর এক ঘনিষ্ঠ ছবি পোস্ট করে নায়িকা যে বার্তা দিলেন, তাতে স্পষ্ট, পর্দায় যতই নতুন সমীকরণ তৈরি হোক, বাস্তবের প্রেমের গল্পে এখনও তাঁরা একসঙ্গেই। কৌশানির আবেগঘন শুভেচ্ছা ঘিরে ফের চর্চায় বনি-কৌশানির দীর্ঘ প্রেম।
সম্প্রতি বনি সেনগুপ্ত ও অঙ্গনা রায়ের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা তুঙ্গে। তারই মধ্যে কৌশানির ‘অভিমান’ নিয়েও শুরু হয়েছিল কানাঘুষো। তবে প্রেমিকের জন্মদিনে সে সব জল্পনাকে পাশে সরিয়ে কৌশানি বেছে নিলেন অন্য ভাষা, ভালোবাসার। কৌশানি সমাজ মাধ্যমে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার সবকিছু! তুমি সেই একজন, যাকে আমি কখনও হারাতে চাই না।’ এখানেই থামেননি অভিনেত্রী। বনির সঙ্গে জীবনের সেরা মুহূর্তগুলি এভাবেই কাটিয়ে যেতে চান বলেও জানিয়েছেন। তাঁদের সম্পর্ককে ‘আত্মার ম্যাজিক্যাল বন্ধন’ বলে উল্লেখ করে কৌশানি লিখেছেন, পরিস্থিতি যেমনই হোক, জীবন বনিকে যেখানেই নিয়ে যাক, তাঁর ‘পার্টনার’ সবসময় তাঁর পাশে থাকবেন। শেষে প্রেমিককে সঙ্গে নিয়ে ‘বিশ্ব জয়’-এর কথাও লিখেছেন তিনি।
বনি-কৌশানির প্রেমের শুরু ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির সূত্রে। সেই থেকে প্রায় এক দশক ধরে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি তাঁরা। সম্পর্ক নিয়ে কখনও খুব বেশি রাখঢাকও করেননি দু’জনে। পর্দার প্রেম থেকে বাস্তবের সম্পর্ক-সময় গড়ানোর সঙ্গে তাঁদের রসায়নও পেয়েছে অন্য মাত্রা।  তাই বনি সেনগুপ্তের জন্মদিনে কৌশানির এই পোস্ট নেটপাড়ায় নতুন করে উস্কে দিয়েছে পুরনো প্রশ্ন-তবে কি এবার চার হাত এক করার পালা? বিয়ের প্রশ্নের উত্তর সময়ের হাতেই থাক, জন্মদিনের এই আবেগঘন মুহূর্ত অন্তত একটা কথা বলে দিল-পর্দার বিতর্ক যতই থাক, বনি-কৌশানির বাস্তব গল্পের অধ্যায় এখনও শেষ হয়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *