প্রেম পেল পরিণতি!  রোনাল্ডোর যে হাত এতদিন গোলের উল্লাসে উঠেছে, এ বার সেই হাত জর্জিনার হাতে

0



মাঠে তিনি একের পর এক রেকর্ড ভাঙেন। গোলের পর গোল করে ফুটবল ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করেন। কিন্তু জীবনের সবচেয়ে বড় ‘হ্যাঁ’-টি বলতে গিয়ে কোনও জাঁকজমক নয়, বরং বেছে নিলেন নিভৃত পরিসর। সময় নিলেন প্রায় দশ বছর। অবশেষে দীর্ঘ প্রেমের পর জর্জিনা রদ্রিগেজের হাত ধরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের কাসকাইসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মঙ্গলবার, ১১ অগস্ট, বিয়ে সারলেন ফুটবল মহাতারকা। বিয়ের খবরটাও এল একেবারে রোনাল্ডো-জর্জিনার নিজস্ব ভঙ্গিতে। সামাজিক মাধ্যমে দু’জনের হাতে হাত রাখা ছবি। আঙুলে ঝলমল করছে বিয়ের আংটি। সঙ্গে ছোট্ট ক্যাপশন-‘C♥G’। একই ছবি পোস্ট করেন জর্জিনাও। মুহূর্তের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। শুভেচ্ছার বন্যায় ভেসে যায় তাঁদের সামাজিক মাধ্যমের পাতা। বিশ্বের অন্যতম পরিচিত দম্পতি হওয়া সত্ত্বেও বিয়ের আয়োজন ছিল অত্যন্ত ব্যক্তিগত। জানা গিয়েছে, কাসকাইসের একটি ব্যক্তিগত জায়গায় ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন তাঁরা। উপস্থিত ছিলেন তাঁদের পাঁচ সন্তানও। অর্থাৎ, সম্পর্কের যে পথচলা শুরু হয়েছিল দু’জনকে নিয়ে, তার নতুন অধ্যায়ে পুরো পরিবারই ছিল সাক্ষী।


রোনাল্ডো ও জর্জিনার প্রেমের শুরু মাদ্রিদে। ২০১৬ সালে একটি বিলাসবহুল বিপণিতে কর্মরত জর্জিনার সঙ্গে প্রথম পরিচয় রোনাল্ডোর। সেই সময় রিয়াল মাদ্রিদের জার্সিতে দাপিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ তারকা। প্রথম দেখার পর ধীরে ধীরে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। ২০১৭ সালে প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্ক। তারপর বদলেছে অনেক কিছু। সম্পর্ক পরিণত হয়েছে পরিবারে। ২০১৭ সালে জন্ম নেয় তাঁদের কন্যা আলানা মার্টিনা। রোনাল্ডোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ ইভা ও মাতেওকেও নিজের সন্তানের মতোই আগলে রেখেছেন জর্জিনা। ২০২২ সালে তাঁদের পরিবারে আসে আরও এক কন্যা, বেলা এস্মেরাল্ডা। তবে সেই বছরই জন্মের সময় যমজ সন্তান অ্যাঞ্জেলকে হারানোর গভীর শোকও বহন করতে হয়েছে এই পরিবারকে।


প্রেমের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি আসে গত বছর। ২০২৫ সালের অগস্টে জর্জিনার আঙুলে বড় হিরের আংটির ছবি প্রকাশ্যে এনে বাগদানের খবর দেন দু’জনে। তারপর থেকেই বিয়ের অপেক্ষায় ছিলেন ভক্তরা। রোনাল্ডোর নিজের শহর মাদেইরার ফুনশাল নিয়েও চলেছিল জল্পনা। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের জন্য কাসকাইসকেই বেছে নিলেন তাঁরা। রোনাল্ডোর জীবনে অবশ্য ফুটবল থামছে না। বিয়ের পরও সামনে নতুন মরসুম, নতুন লক্ষ্য। আল নাসরের হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ক্লাব ফুটবলের পাশাপাশি পর্তুগালের জার্সিতেও এখনও তাঁর চোখ নতুন রেকর্ডে। ২০২৬ বিশ্বকাপে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলে ইতিমধ্যেই ইতিহাসে জায়গা করে নিয়েছেন সিআরসেভেন।
ফুটবলের মঞ্চে রোনাল্ডো যতটা বড় তারকা, ব্যক্তিগত জীবনে জর্জিনার সঙ্গে তাঁর গল্পটাও ততটাই দীর্ঘ। দশ বছরের সেই গল্প এবার পেল পরিণতির সিলমোহর। গোলের রাজা এবার জীবনের ইনিংসেও জর্জিনার হাত ধরে শুরু করলেন নতুন পথচলা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed