‘ম্যায় জিন্দা হুঁ’ লেখা কালো টি-শার্টে কলকাতায় সানি, তারপর সটান নেতাজির বাড়িতে!
সানি দেওল মানেই বলিউডের ‘মাসলম্যান’। পর্দায় তাঁর গর্জন, শক্তিশালী শরীরী ভাষা আর দেশপ্রেমের সংলাপ আজও দর্শকের মনে গেঁথে। ‘বর্ডার’ থেকে ‘গদর’- দেশাত্মবোধক ছবিতে সানির উপস্থিতি যেন আলাদা এক আবেগ তৈরি করে। সেই সানি দেওলই এবার স্বাধীনতা দিবসের আবহে কলকাতায়। ১৫ আগস্ট পালিত হবে দেশের ৮০তম স্বাধীনতা দিবস। তার ঠিক আগে ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারে তিলোত্তমায় এসে তাঁর পোশাকেও যেন ধরা দিল সেই আবেগ। কালো টি-শার্টের সামনে লেখা- ‘ম্যায় জিন্দা হুঁ’। তবে কলকাতায় এসে শুধু ছবির প্রচারেই নিজেকে আটকে রাখলেন না সানি। শহরের ইতিহাসের সঙ্গে যেন নিজের মতো করে একটা যোগসূত্র তৈরি করলেন। সটান পৌঁছে গেলেন ভবানীপুরের নেতাজি ভবনে। ১৯৪৭-এর দেশভাগকে কেন্দ্র করে তৈরি ছবির প্রচারে এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত বাড়িতে তাঁর এই সফর তাই নিছক বেড়ানো নয়, বরং সময়ের দুই গুরুত্বপূর্ণ অধ্যায়ের এক অদ্ভুত মেলবন্ধন।
নেতাজি ভবনে সানিকে ঘুরিয়ে দেখান নেতাজির নাতি তথা অধ্যাপক সুগত বসু। বাড়ির আনাচে-কানাচে ঘুরে নেতাজির ব্যবহৃত সামগ্রী, বিভিন্ন স্মারক এবং তাঁর ঐতিহাসিক গাড়ি দেখেন অভিনেতা। নানা মুহূর্ত নিজের ক্যামেরায় বন্দি করেন। পরে সেই ছবিই সমাজ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সানি। ইতিহাসের এমন এক মানুষের বাড়িতে দাঁড়িয়ে তাঁর এই সময় কাটানো বিশেষ তাৎপর্য পেয়েছে ছবির প্রচারের আবহে। কলকাতার চেনা নস্ট্যালজিয়াও ছুঁয়ে দেখেন দেওল-পুত্র। ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখার পাশাপাশি শহরের বিখ্যাত হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন। কলকাতায় এসে হলুদ ট্যাক্সির সঙ্গে ছবি, তিলোত্তমার চেনা স্মৃতিকে এড়িয়ে যাবেন কী করে সানি! আর এই পুরো সফরের কেন্দ্রে রয়েছে ‘বাটোয়ারা ১৯৪৭’। রাজকুমার সন্তোষী পরিচালিত ছবিতে ১৯৪৭-এর দেশভাগের প্রেক্ষাপটে সাধারণ মানুষের জীবন, যন্ত্রণা, সম্পর্ক এবং মানবিকতার গল্প উঠে এসেছে। আমির খান ও অপর্ণা পুরোহিত প্রযোজিত ছবিতে সানির সঙ্গে রয়েছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং এবং খুশি হাজারে-সহ একঝাঁক অভিনেতা। প্রায় ৩০ বছর পর রাজকুমার সন্তোষী ও সানি দেওলের জুটিও ফিরছে বড় পর্দায়।
‘বর্ডার’, ‘গদর’ ফ্র্যাঞ্চাইজি-সহ একাধিক দেশাত্মবোধক ছবিতে অভিনয় করা সানির কাছে স্বাধীনতা দিবসের ঠিক আগে এই ছবির প্রচারও তাই অন্য মাত্রার। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ‘বাটোয়ারা ১৯৪৭’। একই দিনে মুক্তি পাওয়ার কথা ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’-এরও। ফলে স্বাধীনতা দিবসের আবহে বড় পর্দায় সানি দেওলের প্রত্যাবর্তন কতটা সাড়া ফেলে, এখন সেদিকেই নজর।
