দু’বার হৃদ্রোগে আক্রান্ত হওয়ার খবর!  জীবনযুদ্ধে রাজা সেন, ভেন্টিলেশনে বর্ষীয়ান পরিচালক

0



গুরুতর অসুস্থ বর্ষীয়ান পরিচালক রাজা সেন। শুক্রবার সকালে পর পর দু’বার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে তড়িঘড়ি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর। বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন প্রবীণ পরিচালক। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবরে উদ্বেগ ছড়িয়েছে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন মহলে। রাজা সেনকে দেখতে শুক্রবার হাসপাতালে ছুটে যান অভিনেত্রী তথা বিধায়ক পাপিয়া অধিকারী। পরিচালকের চিকিৎসার ব্যবস্থার বিষয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তও সহযোগিতা করছেন বলে জানা গিয়েছে। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন সহকর্মী ও অনুরাগীরা।
বাংলা ছবির দর্শকের কাছে রাজা সেন শুধু একজন পরিচালক নন, একাধিক স্মরণীয় কাজের স্রষ্টা। তাঁর পরিচালিত ‘দামু’ তাঁকে জাতীয় পুরস্কারের স্বীকৃতি এনে দেয়। ছবিটি ১৯৯৭ সালে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্রের জাতীয় পুরস্কার পায়। পরবর্তী সময়ে ‘আত্মীয় স্বজন’-এর জন্যও জাতীয় পুরস্কারে সম্মানিত হন তিনি।
বড় পর্দার পাশাপাশি বাংলা টেলিভিশনেও রাজা সেনের অবদান উল্লেখযোগ্য। ‘সুবর্ণলতা’, ‘আদর্শ হিন্দু হোটেল’, ‘আরোগ্য নিকেতন’, ‘সম্পর্ক’-এর মতো ধারাবাহিক তাঁর দীর্ঘ কর্মজীবনের অন্যতম পরিচিত কাজ। সাহিত্যনির্ভর গল্পকে টেলিভিশনের পর্দায় তুলে ধরার ক্ষেত্রেও তাঁর আলাদা পরিচিতি তৈরি হয়েছিল। তাঁর পরিচালিত ‘মায়া মৃদঙ্গ’ও বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ছবিতে অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, পাওলি দাম ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির পরিচালনার জন্য রাজা সেন পুরস্কৃতও হন।
তবে গত কয়েক বছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রাজা সেন। প্রায় এক দশক আগে ‘মায়া মৃদঙ্গ’-এর শুটিংয়ের সময় সেটে পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সেই চোট পরবর্তী সময়ে নানা জটিলতার কারণ হয়ে ওঠে বলে জানা গিয়েছে। গত কয়েক বছর ধরে হাঁটাচলাতেও সমস্যা ছিল তাঁর। চলতি বছরের গোড়ায় শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। ফেব্রুয়ারিতে কোমর ও মেরুদণ্ডের মাঝের অংশে অস্ত্রোপচারও হয়েছিল বলে খবর। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থতার আশা তৈরি হলেও ফের শারীরিক অবস্থার অবনতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আপাতত এসএসকেএমের চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন ৭০ বছর বয়সি এই পরিচালক। বাংলা ছবির পর্দায় যিনি বারবার মানুষের গল্প বলেছেন, তাঁর জন্য এখন প্রার্থনায় টলিপাড়ার সহকর্মী থেকে অনুরাগীরা।
ছবি সৌজন্যে রাজা সেন ফেসবুক (raja sen facebook)

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *