মন্দারমণির পর ইসকনে সানি! হঠাৎ কেন বদলে গেল ‘বেবি ডল’-এর রূপ? নেপথ্যে কী?

0



হঠাৎ এমন কী হল সানির? এক মাস আগেও মন্দারমণির সৈকতে তাঁর সাহসী অবতার ঘিরে সমাজ মাধ্যমে তুমুল চর্চা। আর এবার সেই ‘বেবি ডল’-কেই দেখা গেল একেবারে অন্য মেজাজে। মাথায় ওড়না, পরনে হালকা রঙের এমব্রয়ডারি করা সালোয়ার স্যুট, ছিমছাম সাজ- স্বামী ড্যানিয়েল ওয়েবারকে পাশে নিয়ে জুহুর ইসকন মন্দিরে হাজির সানি লিওন। ভক্তিভরে প্রার্থনা করলেন, নিলেন আশীর্বাদ। মুহূর্তেই সানির সেই ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে।
মন্দারমণির সৈকতে যে সানিকে ঘিরে এত আলোচনা, ইসকনের পরিবেশে তাঁকেই যেন একেবারে অন্য মানুষ বলে মনে হল। তবে এই বদলের নেপথ্যে কি শুধুই ঈশ্বরের কাছে প্রার্থনা? নাকি রয়েছে আরও কোনও কারণ? জানা যাচ্ছে, নিজের আসন্ন একটি প্রজেক্টের কাজ শুরুর আগে আশীর্বাদ নিতেই মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। ফলে সানির ইসকন-যাত্রা ঘিরে কৌতূহল আরও বেড়েছে। কী সেই নতুন কাজ? নতুন কোনও চরিত্রে দেখা যাবে কি তাঁকে? আপাতত তা নিয়েই চর্চায় নেটপাড়া। সানির সঙ্গে মন্দিরে ছিলেন স্বামী ড্যানিয়েলও। সাদা টি-শার্টের উপর সবুজ শার্ট এবং ক্রিম রঙের প্যান্টে তাঁকেও দেখা যায় প্রার্থনায় অংশ নিতে। দম্পতির এই শান্ত, ভক্তিময় মুহূর্তই এখন নেটপাড়ার আলোচনায়।
অবশ্য অভিনয়ের পাশাপাশি এই মুহূর্তে মিউজিক নিয়েও যথেষ্ট ব্যস্ত সানি। চলছে তাঁর ‘ডিজে ওয়ার্ল্ড ট্যুর’। ভারত, থাইল্যান্ড ও কানাডার একাধিক শহরে ইতিমধ্যেই পারফর্ম করেছেন তিনি। পাটায়া, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কোচির মঞ্চ মাতানোর পর আন্তর্জাতিক সফরেও নজর কেড়েছেন ‘বেবি ডল’। স্কটল্যান্ডের গ্লাসগো এবং আয়ারল্যান্ডের ডাবলিনেও হয়েছে তাঁর পারফরম্যান্স। ট্যুরের পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া। অভিনয়ের দিক থেকেও হাতে রয়েছে গুরুত্বপূর্ণ কাজ। ‘কেনেডি’-তে অভিনয়ের পর এবার হরর-কমেডি ‘চুদাইল’-এ নতুন অবতারে দেখা যাবে সানিকে। ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মন্দানা করিমি ও রাহুল দেব। উত্তরপ্রদেশে হয়েছে ছবির বেশিরভাগ অংশের শুটিং। গল্পে বুলন্দশহরের রাস্তায় ঘুরে বেড়ানো এক অতৃপ্ত আত্মার চরিত্রে অভিনয় করছেন সানি। তাঁর বিপরীতে অন্য এক অতিপ্রাকৃত শক্তির চরিত্রে দেখা যাবে মন্দানাকে। ২০২৬ সালের শেষদিকে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
সানির সফর অবশ্য একেবারেই সহজ ছিল না। একসময় প্রাপ্তবয়স্ক বিনোদন জগতের পরিচিত মুখ ছিলেন তিনি। সেই অধ্যায় পিছনে ফেলে ভারতে নতুন পরিচিতি তৈরি করেন ‘বিগ বস’-এর মাধ্যমে। সলমন খানের সঞ্চালনায় জনপ্রিয় এই রিয়্যালিটি শো-তে অংশ নেওয়ার পর মূলধারার দর্শকের কাছে দ্রুত পরিচিত হয়ে ওঠেন সানি। এরপর বলিউডে একের পর এক কাজের সুযোগ আসে। অভিনয় থেকে মিউজিক, রেড কার্পেট থেকে সোশ্যাল মিডিয়া—বিভিন্ন অবতারে বারবার চমক দিয়েছেন তিনি। তাই মন্দারমণির পর ইসকনে সানির এই সম্পূর্ণ বদলে যাওয়া রূপও কি শুধুই এক দিনের ছবি? নাকি নতুন কোনও কাজের আগে নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছেন ‘বেবি ডল’? উত্তর এখনই নেই। তবে সানির এই রহস্যই যে তাঁর অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে, তা বলাই যায়।


ছবি সৌজন্যে সানি লিওন ইনস্টাগ্রাম (Sunny Leone Instagram)

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *