আটদিনেই ওয়াইল্ড কার্ড! ‘বিগ বস বাংলা’র দুর্গে রাজবীরের এন্ট্রিতে জমজমাট খেলা
‘বিগ বস’ মানেই নতুন নতুন চমক। আর সেই চমকের অন্যতম আকর্ষণ ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’। ‘বিগ বস বাংলা’র দুর্গেও এ বার সেই চমকের দরজা খুলে গেল। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, কে হতে চলেছেন প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী? কখনও উঠে এসেছিল স্যান্ডি সাহার নাম, আবার কখনও টলি অভিনেতা জিতু কমল ও শন বন্দ্যোপাধ্যায়ের নাম। তবে সব জল্পনায় জল ঢেলে অবশেষে বিগ বস বাংলার ঘরে ঢুকে পড়লেন মুম্বইয়ের অভিনেতা ও মডেল রাজবীর দে।
প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই নাটকীয় মোড়। শনিবার আচমকাই বিগ বসের দুর্গ থেকে বিদায় নেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। তাঁর আচমকা বেরিয়ে যাওয়া যেমন অবাক করেছিল অন্যান্য প্রতিযোগীদের, তেমনই দর্শকের মধ্যেও তৈরি হয়েছিল প্রশ্ন,এবার কী হতে চলেছে? সেই প্রশ্নের উত্তর মিলল পরের দিনই। রবিবার শো-এর একেবারে শেষ মুহূর্তে নতুন প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করলেন রাজবীর।আর তাঁর এন্ট্রিতেই যেন বদলে গেল বিগ বসের ঘরের সমীকরণ। ঘরে ঢোকার পর থেকেই আলেকজান্দ্রা এবং সৃজলার সঙ্গে বেশ ঘনিষ্ঠ আলাপচারিতায় দেখা গিয়েছে তাঁকে। শুধু সম্পর্কের সমীকরণ নয়, খেলার ময়দানেও শুরু থেকেই নিজের জায়গা পাকা করার ইঙ্গিত দিয়েছেন রাজবীর। ঘরে পা রেখেই ভরত কলকে সরিয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

তবে রাজবীরের আসল চমক তাঁর ফিটনেসে। রবিবার ঘরে ঢুকেছেন, আর সোমবার সকালেই জিমে নেমে পড়েছেন। শুধু নিজের শরীরচর্চাই নয়, অন্য প্রতিযোগীদেরও ট্রেনিং দিতে দেখা গিয়েছে তাঁকে। তবে শুরুতেই স্পষ্ট বিগ বসের দুর্গে নিছক অতিথি হয়ে আসেননি রাজবীর, লম্বা ইনিংস খেলতেই তাঁর নজর।এদিকে ওয়াইল্ড কার্ড এন্ট্রির আগে থেকেই বিগ বসের ঘরে উত্তেজনার পারদ চড়ছে। একদিকে ঝিলমকে কেন্দ্র করে তনুশ্রীর সঙ্গে জয়িতার বচসা, অন্যদিকে জন্মাষ্টমীর কাজ করতে গিয়ে নিরঞ্জন ও নন্দিনীর মধ্যে তৈরি হওয়া গোলমাল একটার পর একটা ঘটনায় সরগরম গোটা দুর্গ।

উল্লেখ্য, রাজবীরের আসল নাম শুভম। ২০২০ সালে ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন রাজবীর দে। শিলিগুড়িতে বড় হলেও এরপর মুম্বইয়ে অভিনয় ও মডেলিং দুই ক্ষেত্রেই নিজের পরিচিতি তৈরি করেন তিনি। ২০২৩ সালে এমটিভি রোডিজে অংশ নিয়ে দর্শকের নজরে আসেন। পরে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে।এবার ‘বিগ বস বাংলা’র দুর্গে ওয়াইল্ড কার্ড হয়ে তাঁর প্রবেশ। ইতিমধ্যেই নতুন প্রতিযোগীকে ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। কিন্তু প্রশ্ন একটাই রাজবীর কি পারবেন প্রথম ওয়াইল্ড কার্ড হয়েও শেষ পর্যন্ত দুর্গে টিকে থাকতে? খবর, চলতি সপ্তাহের শুরুতেই শুরু হতে চলেছে নমিনেশন প্রক্রিয়া। অনিন্দ্যর পর এবার কার উপর পড়ে বিগ বসের কোপ? রাজবীরের এন্ট্রিতে বদলে যাওয়া সমীকরণে কে হবেন পরের বিদায়ী প্রতিযোগী সেটা দেখতেই মুখিয়ে বাংলা।

