গম্ভীর লুকে পাশাপাশি দাঁড়িয়ে রানি-অভিষেক… ‘কিং’ এই কি হবে অপেক্ষার অবসান?

0



২০০৭ সালের ‘লাগা চুনরি মে দাগ’-এর পর তাঁদের একসঙ্গে আর বড়পর্দায় দেখা যায়নি। তবে কি এ বার দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে? প্রায় দুই দশক পর ফের একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনকে। শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-কে ঘিরে এমনই জল্পনায় উত্তাল বলিউড।শুধু তাই নয় তাঁদের একসঙ্গে একটি ছবি দেখে ইতিমধ্যেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। তবে সত্যিই কি ফিরছে এক সময়কার জনপ্রিয় জুটি রানি-অভিষেক?

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ রানি মুখোপাধ্যায়ের অভিনয়ের খবর সামনে এসেছিল আগেই। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, ছবিতে সুহানা খানের চরিত্রের মায়ের ভূমিকায় একটি গুরুত্বপূর্ণ ক্যামিওতে দেখা যেতে পারে রানিকে। তবে সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য। শোনা যাচ্ছে, ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে রানির জুটি বাঁধার কথাও চলছে। তবে এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবিতে পাশাপাশি দেখা যাচ্ছে রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনকে। দাবি, শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর সেট থেকেই নাকি সামনে এসেছে এই ছবি। তবে ছবিটি ছবিটি আসল নাকি এআই দ্বারা নির্মিত তা নিয়েও নেটদুনিয়ায় শুরু হয়েছে বিতর্ক। এই বিষয়ে কোনও সত্যতা নিশ্চিত করেনি নির্মাতারা।

খবর,অভিষেককে ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে।তাই পর্দায় রানি-অভিষেকের সম্পর্ক ঠিক কোন সমীকরণে ধরা দেবে, তা নিয়ে কৌতূহল আরও বাড়ছে। যদি সত্যিই তাঁরা জুটি বাঁধেন, তবে তা নিঃসন্দেহে দর্শকের কাছে ফিরিয়ে আনবে সেই ১৯ বছর আগের পুরনো স্মৃতি। রানি ও অভিষেককে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০০৭ সালের ‘লাগা চুনরি মে দাগ’-এ। তারও আগে ‘বাস ইতনা সা খোয়াব’,’যুবা’, ‘বান্টি অউর বাবলি’-র মতো ছবিতে তাঁদের রসায়ন নজর কেড়েছিল। দীর্ঘ ২০ বছর পর ফের তাঁদের এক ফ্রেমে দেখার সম্ভাবনা তাই অনুরাগীদের আবেগকে আরও উসকে দিয়েছে।

শুধু অভিষেক নয়, ‘কিং’-এর হাত ধরে শাহরুখ খানের সঙ্গেও দীর্ঘ সময় পর ফের দেখা যেতে পারে রানিকে। তাঁদের শেষ একসঙ্গে কাজ ছিল ২০০৬ সালের ‘কভি আলবিদা না কেহনা’। সম্প্রতি ‘আস্ক শাহরুখ’ সেশনে এক ভক্ত শাহরুখকে রানির সঙ্গে তাঁর পুনর্মিলন নিয়ে প্রশ্ন করেন। প্রিয় অভিনেত্রীর প্রসঙ্গে শাহরুখের উত্তরও ছিল বেশ আবেগমাখা।তিনি বলেন, “ছবি থাকুক বা না থাকুক, রানি আমার প্রিয়।”তবে রানি ও অভিষেকের ছবিটি দেখে কেউ উচ্ছ্বসিত, কেউ আবার সন্দেহ প্রকাশ করেছেন। এক ভক্তের লেখেন, “দয়া করে কেউ বলোএটা এআই দ্বারা নির্মিত নয়।”  আবার কেউ ছবিটিকে দেখে পুরনো দিনের কথা মনে করে লেখেন, “রানি-অভিষেককে ফের একসঙ্গে দেখার অপেক্ষা যেন আরও বেড়ে গেল।”

তবে এত জল্পনার মাঝেও এখনও পর্যন্ত ‘কিং’-এর নির্মাতাদের তরফে রানি মুখোপাধ্যায়ের চরিত্র বা অভিষেকের সঙ্গে তাঁর জুটি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। উল্লেখ্য,‘কিং’-এ শাহরুখ খান , দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ-সহ অভিনয় করেছেন একাধিক তারকা। খবর , বড়দিনের সপ্তাহান্তেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কিং’। তবে মুক্তির পর বক্স অফিসে কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে শাহরুখ খানের এই বহু প্রতীক্ষিত ছবি। একই সময়ে মুক্তি পাওয়ার কথা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘ডিউন: পার্ট থ্রি’-র।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *