সুব্রত কাপ জয়! জঙ্গলমহলের কিশোরদের পায়ে ভর করে ২৯ বছর পর বাংলার ফুটবলে নতুন ভোর
জঙ্গলমহলের মাটিতে ফুটবল মানেই শুধু একটা খেলা নয়। সীমিত সুযোগ, প্রতিকূলতার সঙ্গে লড়াই আর চোখভরা স্বপ্ন নিয়ে মাঠে নামা। সেই লড়াইয়েরই যেন নতুন গল্প লিখল ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। বাংলার স্কুল ফুটবলের দীর্ঘ ২৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সুব্রত কাপে চ্যাম্পিয়ন হল মানিকপাড়ার কিশোররা।
বেঙ্গালুরুর সুব্রত ফুটবল মাঠে ৬৫তম সুব্রত কাপের অনূর্ধ্ব-১৫ বালক বিভাগের ফাইনালে অসমের কামরূপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৪৬ মিনিটে ছোটরাম হেমব্রমের গোলে এগিয়ে যায় মানিকপাড়া। এরপর অসমের দল একাধিকবার সমতা ফেরানোর চেষ্টা করলেও জমাট রক্ষণ এবং গোলরক্ষক সনাতন হাঁসদার দুরন্ত পারফরম্যান্সে সেই চেষ্টা আটকে যায়। গুরুত্বপূর্ণ সময়ে নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে ট্রফি এনে দেন সনাতন। প্রতিযোগিতার সেরা গোলরক্ষকের পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
সুব্রত কাপের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল মানিকপাড়া। কোয়ার্টার ফাইনালে চণ্ডীগড়ের সরকারি মডেল সেকেন্ডারি স্কুলকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর সেমিফাইনালে মিনার্ভা পাবলিক স্কুল, মোহালিকে হারায় ২-০ গোলে। ফাইনালেও লড়াইয়ের সেই ধারাবাহিকতা ধরে রেখে শেষ হাসি হাসে জঙ্গলমহলের স্কুল। এই জয় শুধু একটি ট্রফি জেতার গল্প নয়, বাংলার স্কুল ফুটবলের ইতিহাসেও বড় ঘটনা। ২০০০ সালে পুরুলিয়ার রাঙাডিহা স্কুলের পর পশ্চিমবঙ্গের কোনও স্কুল সুব্রত কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১১ সালে পশ্চিমবঙ্গের এনসিসি দল অবশ্য খেতাব জিতেছিল। তার পর ফের বাংলার কোনও স্কুলের হাতে উঠল এই ট্রফি। মানিকপাড়ার কিশোরদের হাত ধরে ২৯ বছরের সেই অপেক্ষার অবসান তাই আলাদা আবেগের।

মানিকপাড়ার এই ঐতিহাসিক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে বার্তায় তিনি দলের কিশোর ফুটবলার, কোচ এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। দীর্ঘ ২৯ বছর পর পশ্চিমবঙ্গের কোনও দল সুব্রত কাপে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। আগামী দিনে এই তরুণ ফুটবলাররা পশ্চিমবঙ্গ এবং দেশের হয়ে আরও বড় সাফল্য অর্জন করুক, সেই কামনাও করেছেন মুখ্যমন্ত্রী।
প্রত্যন্ত মানিকপাড়া থেকে বেঙ্গালুরু। মাঝের পথটা সহজ ছিল না। কিন্তু সেই কঠিন পথ পেরিয়েই ট্রফি হাতে ফিরছে একদল কিশোর। তাদের পায়ের ছন্দে আজ জঙ্গলমহলের মাটি থেকে ছড়িয়ে পড়ছে বাংলার ফুটবলের নতুন স্বপ্ন। এই জয় যেন বলে দিল-সুযোগ মিললে জঙ্গলমহলের পা-ও বাংলার ফুটবলের ইতিহাস লিখতে পারে। ছবি সৌজন্যে সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট ফেসবুক পেজ (Photo courtesy: Subroto Cup Football Tournament Facebook page)

