৫৬-তেই শেষ সফর ওয়েলকাম খ্যাত ‘বল্লু’-র, প্রয়াত ‘ওয়েলকাম’-এর জনপ্রিয় মুশতাক খান
“মেরি এক টাং নকলি হ্যায়, ম্যায় হকি কা বহত বড়া খিলাড়ি থা”, ‘ওয়েলকাম’ ছবির এই সংলাপ শুনলেই আজও মনে পড়ে যায় বল্লু চরিত্রে মুশতাক খানের সেই মজার অভিনয়। সেই পরিচিত হাসির মুখ এবার চিরতরে নিস্তব্ধ। ৫৬ বছর বয়সে প্রয়াত বলিউড অভিনেতা মুশতাক খান। বৃহস্পতিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। তাঁর ব্যবসায়িক সহযোগীর সূত্রে জানা গিয়েছে, ক্যানসারে ভুগছিলেন মুশতাক। সম্প্রতি, ফের তাঁর শরীরে ক্যানসার ফিরে এসেছিল।
চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি ছবির অসংখ্য পরিচিত চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। ১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিউঁ আতা হ্যায়’ ছবির মাধ্যমে বড়পর্দায় তাঁর অভিষেক। এরপর ‘আশিকি’, ‘ক্রান্তিবীর’, ‘রাজা’,’হেরা ফেরি’, ‘জোড়ি নম্বর ওয়ান’, সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।
তবে ‘ওয়েলকাম’-এর বল্লু চরিত্রটি তাঁর কেরিয়ারের অন্যতম স্মরণীয় কাজ। অক্ষয় কুমার, নানা পাটেকর ও অনিল কাপুরের মতো তারকার সঙ্গে অভিনয় করেও নিজের কমেডি দিয়ে আলাদা করে নজর কেড়েছিলেন তিনি।
কমেডি থেকে সিরিয়াস বিভিন্ন ধরনের চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে চার দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় নিজের জায়গা তৈরি করেছিলেন মুশতাক খান। ‘বনবাস’, ‘ধুম ধাম’-এর মতো তাঁর পরবর্তী ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।
