‘ভয়ে জড়সড় হয়ে যেতাম, এগোতে পারতাম না’,ট্রোলিং নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা!

0


অভিনেত্রী মানেই ছিপছিপে চেহারা, নিখুঁত গড়ন আর গ্ল্যামারাস উপস্থিতি। এমন ধারণা দীর্ঘদিনের। পরিস্থিতি যেমনই হোক, পর্দায় ও পর্দার বাইরে নিজেদের ফিট এবং আকর্ষণীয় রাখার প্রত্যাশা থাকে তাঁদের ঘিরে। কিন্তু মাতৃত্বের পর শরীরে আসে স্বাভাবিক পরিবর্তন, বদলে যায় চেহারার গঠনও। আর সেই পরিবর্তনকে ঘিরেই অনেক সময় কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীদের।সেই পরিবর্তন নিয়েই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। এ বার সেই ট্রোলিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। স্পষ্ট জানান, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা যেন কখনও নিজের আত্মবিশ্বাস ও আত্মসম্মানকে প্রভাবিত না করে। অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের ইচ্ছা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন মানুষ। সম্প্রতি লন্ডনে নিজের প্রসাধনী সংস্থার অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন ক্যাটরিনা।

সেপ্টেম্বর মাসে মুম্বইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বহু তারকা।স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনাও। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তাঁর শারীরিক গঠন ও ওজন নিয়ে শুরু হয় নানা কটাক্ষ। মাতৃত্বের পর একজন নারীর শরীরে স্বাভাবিক পরিবর্তন আসতেই পারে, তা সত্ত্বেও কেন তাঁকে এমন সমালোচনার মুখে পড়তে হবে, সেই প্রশ্ন তোলেন অভিনেত্রীর অনুরাগীদের একাংশ।

লন্ডনের অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও মানুষের মতামত নিয়ে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অভিনেত্রী। তাঁর কথায়, প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে নিজের আত্মসম্মান ও মূল্যবোধকে বিসর্জন দেওয়া উচিত নয়। ক্যাটরিনার কথায়,”ব্যক্তিগতভাবে বলতে গেলে, প্রতিবার সমালোচনা বা মন্তব্যের মুখে পড়ে যদি আমি সেই অনুযায়ী নিজের কাজকর্ম ঠিক করতাম, তা হলে ভয়ে জড়সড় হয়ে যেতাম। জীবনে কিংবা কোনও ক্ষেত্রেই আর এগিয়ে যেতে পারতাম না। এমন সময় আসে, যখন গোটা পৃথিবী আপনাকে উদ্‌যাপন করে। আবার এমন সময়ও আসে, যখন নিজের সবচেয়ে বড় সমর্থক আপনাকেই হতে হয়।”

ক্যাটরিনার মতে, জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষের আত্মবিশ্বাস ও নিজের সম্পর্কে ধারণা বদলাতে পারে। কোনও দিন নিজেকে সেরা মনে হয়, আবার কোনও দিন মনে হতে পারে কিছুই ঠিক হচ্ছে না। এই পরিবর্তনগুলিকে স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত। নিজেকে অযথা চাপের মধ্যে না রেখে জীবনের প্রতিটি পর্যায় উপভোগ করার পরামর্শও দেন তিনি।

মাতৃত্বের পর নারীদের শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষের প্রসঙ্গ উঠে আসে ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বেও। সেখানে অভিনেতা সলমন খান প্রশ্ন তোলেন, গর্ভাবস্থার পর ওজন বেড়ে গেলে কেন মহিলাদের সমালোচনার মুখে পড়তে হয়? ক্যাটরিনার নাম না করলেও তিনি জানান, গর্ভাবস্থার কারণে নারীদের শরীরে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসে। তাই সদ্য মা হওয়া মহিলাদের চেহারা নিয়ে বিচার না করে তাঁদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়া উচিত।

উল্লেখ্য, নভেম্বর মাসে জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। পুত্রসন্তানের জন্ম দিয়ে প্রথমবার বাবা-মা হন তারকা দম্পতি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *