রেশন কেলেঙ্কারি তদন্তে নুসরতকে ডেকে পাঠাল ইডি, এবার কি চাপে প্রাক্তন সাংসদ?

0

ভোটের আবহে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। এবার রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী তথা বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে তলব করা হয়েছে। আগামী ২২ এপ্রিল, বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে অভিনেত্রীকে। এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে টলিউডে শুরু হয়েছে জোর চর্চা।

ইডি সূত্রে খবর, করোনা পরিস্থিতির সময় সীমান্ত এলাকায় বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগ সামনে আসে। অভিযোগ,সেই সময় একাধিক ট্রাক আটকও করা হয়েছিল। ঘটনাটির তদন্তের জেরে বেশ কিছু নাম উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সেই সূত্র ধরেই ডেকে পাঠানো হয় অভিনেত্রী নুসরতকে। কারণ সেই সময় তিনি বসিরহাটের সাংসদ ছিলেন। তদন্তকারীরা জানতে চাইছেন, ওই সময় প্রশাসনিক স্তরে কী কী ঘটেছিল এবং কোনও তথ্য তাঁর জানা ছিল কি না।

যদিও নুসরতের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে দাবি, তিনি তদন্তে সহযোগিতা করবেন। কিন্তু কলকাতার সিজিও কমপ্লেক্সে নয়, দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে হাজিরা দিতে পারেন তিনি। এটাই প্রথমবার নয়, এর আগেও ইডির মুখোমুখি হতে হয়েছে নুসরতকে। ২০২৩ সালে ফ্ল্যাট প্রতারণা মামলায় প্রায় ছ’ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। অভিযোগ ছিল, ২০১৪-১৫ সালে একটি সংস্থা বহু প্রবীণ নাগরিকের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নামে টাকা নিয়েছিল। পরে প্রতিশ্রুত ফ্ল্যাট বা টাকা ফেরত পায়নি কেউ। ওই সংস্থার ডিরেক্টর পদে নুসরতের নাম ছিল বলে অভিযোগ ওঠে। যদিও সেইসময় তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন।

ভোটের মুখে ইডি-সিবিআইয়ের তৎপরতা নিয়ে রাজ্যের শাসকদল আগেও প্রশ্ন তুলেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে লড়াইয়ে পিছিয়ে পড়ে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। অন্যদিকে বিরোধীদের দাবি, দুর্নীতির তদন্ত হওয়াই স্বাভাবিক।তাই নুসরতের তলব ঘিরে এখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বুধবার তিনি কোথায় হাজিরা দেন, কী বক্তব্য রাখেন এবং তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে সকলের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *