অবশেষে সম্পর্কে সিলমোহর,প্রেমে হাবুডুবু শুভস্মিতা-সৌরভ, বিয়ে করছেন কবে?
টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল তাঁদের প্রেমের গুঞ্জন, যদিও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা। সৌরভ চক্রবর্তী বিশ্বাস করেন একটাই মন্ত্রে, ‘কিপ ইট প্রাইভেট, আন্টিল ইট ইজ পার্মানেন্ট’।
অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে আংটিবদলের খোঁজ আগেই পাওয়া গিয়েছিল। জানা গিয়েছিল চুপিসারে আশীর্বাদ সেরেছেন এই জুটি। যদিও সেই নিয়ে মুখ খোলেনি কেউই। তবে মঙ্গলবার নিজেদের সম্পর্কে সিলমোহর দিলেন তারকা জুটি। অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে আদুরে মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, ‘তোমাকে দেখলে মনে হয় এই জন্মের অনেক আগে থেকে আমি তোমায় ভালবেসেছি এবং তোমার চোখে নিজের ঘর খুঁজে পেয়েছি।’
সারা জীবন একসঙ্গে থাকা অঙ্গীকারও নিয়েছেন সেই পোস্টে, এবং সেখানেই তিনি জানিয়েছেন নিজেদের বাগদানের কথা।

আডিশনের পক্ষ থেকে উভয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দুজনেই জানান ১৪ মে নিজেদের বাগদান এবং আশীর্বাদ সেরেছেন তাঁরা। কবে মনে হল সৌরভের সঙ্গে বাকি জীবনটা কাটানো যায়? উত্তরে পর্দার ‘ঝাঁপি’ বলেন, ‘৯ মাস ধরে কাজ করছি একসঙ্গে, ধীরে ধীরে মনে হল আসলে প্রেম বা ভালবাসা কোনও কিছুই তো একদিনে হয় না। আমার জীবনে সেটেল করার ইচ্ছা তো ছিলই। তবে জীবনে সঠিক মানুষটা এলে কেমন লাগে সেটাই হয়তো প্রথমবার উপলব্ধি করলাম।’

অভিনেত্রী আরও বলেন একদিনের জন্য সৌরভের সঙ্গে সম্পর্কে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হয়নি এবং তাঁদের সম্পর্কে যাবার মূল উদ্দেশ্য ছিল একসঙ্গে সংসার বাঁধার। তবে শীঘ্রই বিয়ে নিয়ে কিছু ভাবছেন না অভিনেত্রী। তবে কে প্রথম ভালবাসার কথা প্রকাশ করেছিল জানেন? উত্তরে অভিনেত্রী জানান প্রথমবার সৌরভ তাঁকে ভালবাসার কথা জানিয়েছিলেন তবে প্রথমেই রাজি হননি অভিনেত্রী। শুভস্মিতা বলেন, “জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু তো ভয় করেই সেই ভয়টাই করছিল কিন্তু তারপরে মনে হল ঠিক আছে, করেইনি ভাল যখন বাসি আর ভয় পাওয়ার কী আছে?”
পরিবারের সবাই কতটা খুশি এই সিদ্ধান্তে? উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমার মা খুব খুশি এবং আমি আর এক মা পেয়েছি তিনিও খুব খুশি।’
কী করে ভরসা হল সৌরভকে? জবাবে তিনি বলেন, ‘এখনকার দিনে যেখানে সহজে সম্পর্ক ভেঙে যায়, বিয়ে হলেও কদিন পর ছাড়াছাড়ি হয় যাচ্ছে সেরকম একটি সময়ে দাঁড়িয়ে বিয়ের মতো বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশ্বাস রাখা এবং সেই পথে এগিয়ে যাওয়া মোটেই সোজা কথা না। আগে যেমন এটাই একমাত্র ছিল। এখন অনেক কিছু আছে কেউ লিভ ইন করে, কেউ এটা সেটা করে, কিন্তু আমার মনে হয় দিনের শেষে বিয়ের মতো সত্য আর কিছুই না। এমন একজনের সঙ্গেই সম্পর্ক বাঁধা উচিত যে তোমায় ভালবাসবে, তোমার নিরাপদ আশ্রয় হবে এবং তোমার যত্ন নেবে। আমার মনে হয় যেন আমি পৃথিবীর সব থেকে ভাগ্যবান।”
আবার নতুন করে নিজের জীবন সাজানোর সিদ্বান্ত সৌরভের কী বললেন অভিনেতা? পর্দার ‘দীপ’ বলেন, “এই সময়ে দাঁড়িয়ে সম্পর্কের উপর ভরসা ওঠার হাজারটা কারণ যেমন আছে, ঠিক তেমনি এটাও সত্যি যে ওটা ছাড়াও তো কোনও উপায়ে নেই, ওটা আঁকড়ে ধরেই তো বাঁচবে মানুষ।” শুভস্মিতার মধ্যে কোন গুণ দেখলেন সৌরভ যার জেরে এই বড় সিদ্ধান্ত? অভিনেতার স্পষ্ট জবাব, “শুভস্মিতা এমন একজন মানুষ যার সঙ্গে শেষ অবধি দৌড়ানো যায়।”
সম্প্রতি স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে একসঙ্গে জুটিতে কাজ করছেন শুভস্মিতা এবং সৌরভ।
