‘এই ক্ষত সারতে সময় লাগবে’ আবেগঘন বার্তায় কি বিদায়ের ইঙ্গিত! মেসিকে ঘিরে জল্পনা

0



বিশ্বকাপ ট্রফি ধরে রাখার স্বপ্ন ভেঙেছে। তবু দেশে ফেরার পর ভালোবাসায় কোনও খামতি রাখেননি আর্জেন্টিনার সমর্থকেরা। লাল গালিচা, সামরিক ব্যান্ড আর হাজারো মানুষের করতালিতে বরণ করে নেওয়া হয়েছে লিওনেল স্কালোনির দলকে। কিন্তু গোটা অনুষ্ঠানে একটাই শূন্যতা স্পষ্ট ছিল- লিওনেল মেসি ছিলেন না। আর সেই অনুপস্থিতিই নতুন করে উসকে দিয়েছে প্রশ্ন, তবে কি জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিও?
স্পেনের কাছে ফাইনালে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা দল বুয়েনস আইরেসে ফিরলেও মেসি যুক্তরাষ্ট্রেই থেকে যান। ক্লাব ফুটবলের প্রস্তুতির কারণ দেখানো হলেও, বিশ্বকাপের পর তাঁর প্রথম বার্তাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।জানা গেছে, আপাতত দীর্ঘকালীন ছুটিই কাটাবেন মেসি।
হারের পর ইনস্টাগ্রামে মেসি লেখেন, ‘খুব কষ্ট হচ্ছে। যে আঘাত লেগেছে, যে ক্ষত তৈরি হয়েছে, তা সারতে সময় লাগবে’। এই একটা বাক্যই বুঝিয়ে দেয়, বিশ্বকাপ হাতছাড়া হওয়ার যন্ত্রণা কতটা গভীর। তবে হতাশার মধ্যেও ইতিবাচক দিক খুঁজে নিতে ভোলেননি তিনি। লিখেছেন, ‘আমরা বিশ্বের সেরা দলগুলোর একটি। টানা দুই বিশ্বকাপের ফাইনালে উঠেছি। এই কৃতিত্বও কম নয়। গোটা দেশ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, সেই অনুভূতি আজীবন মনে থাকবে।’ মেসি বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দনও জানিয়েছেন। পাশাপাশি আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে লিখেছেন, ‘তোমাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা আবারও দেশকে গর্বিত করার চেষ্টা করেছি।’ কিন্তু এত বড় একটি বার্তায় একবারও নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি মেসি। অবসর নিয়ে কোনও ইঙ্গিতও দেননি, আবার খেলা চালিয়ে যাওয়ার আশ্বাসও দেননি। আর সেই নীরবতাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। ২০২২ সালে বিশ্বকাপ জয়, ২০২৬-এ রানার্স-আপ, সবকিছুর পর ৩৯ বছর বয়সী মেসি কি এবার জাতীয় দলকে বিদায় জানাবেন? আপাতত সেই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে শুধু তাঁর নীরবতার মধ্যেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *