অবসর ভেঙে আবার কেন প্লেব্যাকে ফিরলেন অরিজিৎ? জানালেন আমাল মালিক
তাঁর গলায় প্লেব্যাক মানে কোটি কোটি মানুষের অজস্র আবেগ।২৭ জানুয়ারি প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং।সেই খবর শুনে মন খারাপ হয়েছিল কোটি কোটি অনুরাগীর।তবে সেই অপেক্ষার অবসান।পণ ভেঙে ফের প্লেব্যাকে ফিরলেন অরিজিৎ সিং।ইমরান হাশমি অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘আওয়ারাপান ২’-এর টাইটেল ট্র্যাক ‘ইয়ে আওয়ারাপান’-এ কণ্ঠ দিয়েছেন তিনি।গানটি গেয়েছেন অরিজিৎ সিং।সুর দিয়েছেন আমাল মালিক এবং গীতিকার রশ্মি-ভিরাগ।প্রেম,বিচ্ছেদ,আকুলতা ও আত্মমুক্তির ভরপুর আবেগ দিয়েই তৈরি এই গান। মঙ্গলবার সকালেই অরিজিৎ প্রেমীরা উপহার পেয়েছেন সেই গান।কয়েক মাস আগে প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং।তবে হঠাৎ কী এমন ঘটল যে তিনি আবার প্লেব্যাক গাইতে রাজি হলেন? অবসরের সিদ্ধান্ত বদলে হঠাৎ কেন ফিরলেন অরিজিৎ?নাকি পুরনো কোনও চুক্তির ভিত্তিতেই তৈরি এই গান ? প্রশ্ন একাংশের।
এই জল্পনার অবসান ঘটিয়েছেন ছবির সুরকার আমাল মালিক। সোশ্যাল মিডিয়ায় আমাল মালিক লেখেন,”শেষবারের মতো বলছি,এই গানটি কোনও পুরনো চুক্তির অংশ নয়।এমনও নয় যে, এটি আগে গাওয়া হয়েছিল আর অরিজিৎ শুধু নতুন করে এসে রেকর্ড করেছেন।”এরপর তিনি জানান,কয়েক মাস আগেই এই সুরটি তিনি অরিজিতের কাছে পাঠিয়ে ছিলেন।তবে সুর পছন্দ হতেই গত সপ্তাহেই তিনি গানটি গাওয়ার জন্য সম্মতি দিয়েছেন।
তবে হঠাৎ কেন মত বদলালেন অরিজিৎ?সেই ব্যাখ্যাও দিয়েছেন আমাল।তাঁর কথায়,”এর পিছনে সবচেয়ে বড় কারণ, শিল্পী এবং বন্ধু হিসেবে আমার প্রতি ওর ভালোবাসা।এরপর রয়েছে এই ছবির প্রযোজক এবং অভিনেতার প্রতি ওর শ্রদ্ধা।কোনও সুর যদি ওর হৃদয় ছুঁতে না পারে, তাহলে সে সেই গান গাইতে রাজি হয় না।এটাই সত্যি, আর এটাই একমাত্র সত্যি।” আমালের বক্তব্যে স্পষ্ট,শুধু বন্ধুত্বই নয়,গানটির সুরও অরিজিতের প্রত্যাবর্তনের অন্যতম কারণ।পাশাপাশি ইমরান হাশমি,প্রযোজক এবং বিশেষ ফিল্মসের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পর্ক এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘মার্ডার ২’-এর ‘ফির মহব্বত’,‘খামোশিয়াঁ’-সহ একাধিক জনপ্রিয় গান দর্শককে উপহার দিয়েছেন তিনি।
এদিকে গানটি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে ভেসেছেন অনুরাগীরা।একজন লিখেছেন,”গানটি শুনে গায়ে কাঁটা দিয়ে উঠেছে।আমাল ও অরিজিৎ মানেই নিখুঁত জুটি।” আরেকজনের মন্তব্য,”অরিজিৎ শুধু একজন গায়ক নন, তিনি কোটি মানুষের আবেগ।”অন্য এক অনুরাগী লেখেন,”অরিজিৎ ফিরেছেন!এতদিন ধরে এই জুটির অপেক্ষাতেই ছিলাম।অরিজিৎ ও আমালের এই কম্বিনেশন সত্যিই অসাধারণ।”
উল্লেখ্য,নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপান ২’-এ ইমরান হাশমির পাশাপাশি রয়েছেন দিশা পটানী,শাবানা আজমি,সুবিন্দর ভিকি,বিজয়ন্ত কোহলি, ওঅতুল কুমার এবং অনিরুদ্ধ রাওয়াল।আগামী ১৪ আগস্ট,২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।তবে সিনেমা মুক্তির আগেই অরিজিৎ সিংয়ের এই প্রত্যাবর্তনই ইতিমধ্যে অনুরাগীদের কাছে সবচেয়ে বড় চমক হয়ে উঠেছে।
