ভূমিকা বদলালেও, কলকাতার আবেগ ফোরলানের! ভারতের ফুটবলে উন্নতির পথও বাতলালেন

0



কলকাতার আবেগ ফোরলানের। দশ বছর আগে ফুটবলার হিসেবে ভারতে এসেছিলেন। এ বার উরুগুয়ে জাতীয় দলের কোচ হয়ে ফিরেছেন দিয়েগো ফোরলান। মাঝে কেটে গিয়েছে অনেকটা সময়, বদলেছে ভূমিকাও। কিন্তু ভারতীয় ফুটবল এবং কলকাতার প্রতি তাঁর টানটা একই রকম রয়েছে। যুবভারতীতে মঙ্গলবার ভারতের বিরুদ্ধে নামার আগে কলকাতার আতিথেয়তায় মুগ্ধতার কথা জানালেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী প্রাক্তন তারকা।
ভারতে খেলার সময় মুম্বই সিটির হয়ে আইএসএলে অংশ নিয়েছিলেন ফোরলান। কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তের ফুটবল আবহ খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তাঁর। সেই অভিজ্ঞতা থেকেই ভারতীয় ফুটবল নিয়ে তাঁর ধারণা অন্যরকম।

ফোরলানের কথায়, এ দেশের বহু মানুষ ফুটবলকে ভালবাসেন। কেরল, উত্তর-পূর্ব ভারত এবং কলকাতার ফুটবল-আবেগ তাঁকে বিশেষ ভাবে টানে। ভারতে বারবার এসে ভাল লাগার কথাও জানান তিনি। ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ০-৪ হারের ফল দেখে অবশ্য ভারতকে খাটো করছেন না ফোরলান। বরং ওই ম্যাচে খালিদ জামিলের দলের কয়েকটি দিক তাঁর নজর কেড়েছে। তাঁর মতে, ভারতীয় দলকে সময় ও জায়গা দিলে সমস্যা তৈরি করার ক্ষমতা রয়েছে। কয়েকটি ভাল বোঝাপড়া, লম্বা পাস এবং কয়েক জন ফুটবলারের দক্ষতাও তাঁর চোখে পড়েছে। তাই মঙ্গলবারের ম্যাচকে সহজ ভাবে নেওয়ার প্রশ্নই নেই ফোরলানের। ‘ফুটবলে কোনও ম্যাচই সহজ নয়। প্রত্যেক প্রতিপক্ষকে সম্মান করতে হয়। আমাদেরও নিজেদের সেরাটা দিতে হবে,’ বলেন ফোরলান। ভারতের পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিও তাঁর মাথায় রয়েছে।


ভারতীয় ফুটবলের উন্নতির পথ নিয়েও নিজের মতামত দিয়েছেন উরুগুয়ের কোচ। তাঁর মতে, সাফল্যের জন্য গোড়া থেকেই কাজ করতে হবে। আরও বেশি অ্যাকাডেমি তৈরি করে ছোটদের ফুটবলের সঙ্গে যুক্ত করতে হবে। যত বেশি শিশু নিয়মিত প্রশিক্ষণ ও ম্যাচ খেলার সুযোগ পাবে, ততই শক্তিশালী হবে দেশের লিগ এবং তৈরি হবে ভাল ফুটবলার। ফুটবলার থেকে কোচ- দায়িত্ব বদলেছে ফোরলানের। তবে ফুটবলের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিতে একটা বিষয় একই রয়েছে- কঠিন প্রতিপক্ষকে সম্মান করা এবং মাঠে নিজেদের সেরাটা দেওয়া। কলকাতায় ফিরে সেই বার্তাই দিলেন উরুগুয়ের কিংবদন্তি। অটুট।ছবি সৌজন্যে এআইএফএফ (Photo courtesy: AIFF)

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *