গুরপ্রীতের দরজা খোলা? এ বার উরুগুয়ে, কঠিন পরীক্ষার সামনে খালিদের ভারত

0



গুরপ্রীতের জায়গাটা এখনও পুরোপুরি হাতছাড়া হয়নি। ব্রাজিল ম্যাচে তেকাঠির নিচে ছিলেন তিনি। সেই ম্যাচের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও উরুগুয়ের বিরুদ্ধে তাঁকে বসিয়েই দিতে চাইছেন না ভারতীয় দলের কোচ খালিদ জামিল। প্রথম একাদশে কারা থাকবেন, সেই সিদ্ধান্ত শেষ মুহূর্তে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। অনুশীলনে ফুটবলারদের ছন্দ এবং প্রস্তুতি দেখেই চূড়ান্ত দল বেছে নেবেন কোচ।
গুরপ্রীতকে নিয়ে খালিদের বক্তব্যে অবশ্য একটা বিষয় পরিষ্কার-ব্রাজিল ম্যাচের পরও জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ হচ্ছে না। ভারতীয় কোচের কথায়, যে গোলকিপার অনুশীলনে সেরা ছন্দে থাকবেন, তাঁকেই সুযোগ দেওয়া হবে। গুরপ্রীতও সেই দৌড়ে রয়েছেন। অর্থাৎ যুবভারতীতে উরুগুয়ের বিরুদ্ধে ফের তাঁকেই দেখা যেতে পারে গোলের সামনে। দলের প্রত্যেক ফুটবলারকে মানসিক ভাবে তৈরি রাখার উপরও জোর দিয়েছেন খালিদ। তবে প্রতিপক্ষের শক্তির সঙ্গে ভারতের ব্যবধানটা যে যথেষ্ট বড়, তা স্পষ্ট ফিফা ক্রমতালিকাতেই। উরুগুয়ে রয়েছে ২০ নম্বরে। ভারত ১৩৮। অর্থাৎ র্যাউঙ্কিংয়ে দুই দলের মধ্যে ব্যবধান ১১৮ ধাপ। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই পরিসংখ্যানই লড়াইয়ের কঠিন ছবিটা তুলে ধরছে। তার উপর ব্রাজিল ম্যাচের পর খুব বেশি বিশ্রামও পায়নি ভারত। খালিদ অবশ্য ক্লান্তিকে অজুহাত করতে রাজি নন। তাঁর মতে, আধুনিক ফুটবলাররা রিকভারি সম্পর্কে অনেক বেশি সচেতন। তাই অল্প সময়ের মধ্যেই পরের ম্যাচের জন্য তৈরি হয়ে ওঠা সম্ভব। তবে সতর্কতার জায়গায় কোনও ছাড় দিতে চান না তিনি। ব্রাজিলের বিরুদ্ধে শুরুতে যে ভুলগুলি হয়েছিল, উরুগুয়ের বিরুদ্ধে তার পুনরাবৃত্তি হলে বিপদ আরও বড় হতে পারে।
উরুগুয়ের শারীরিক শক্তি, আক্রমণ এবং রক্ষণ-তিন দিক নিয়েই ভারতীয় দলকে সতর্ক করেছেন খালিদ। পরিস্থিতি অনুযায়ী রক্ষণাত্মক কিংবা আক্রমণাত্মক ফুটবল বেছে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। লক্ষ্য শুধু ভালো ফুটবল নয়, ম্যাচের ফল থেকেও আত্মবিশ্বাস সংগ্রহ করা। ব্রাজিলের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে এবার র্যা্ঙ্কিংয়ে ১১৮ ধাপ এগিয়ে থাকা উরুগুয়ের সামনে নিজেদের আরও সংগঠিত করে তুলে ধরাই ভারতের বড় পরীক্ষা। আর সেই পরীক্ষায় গুরপ্রীতের প্রত্যাবর্তনের সম্ভাবনাটাও এখনও অটুট।ছবি সৌজন্যে এআইএফএফ (Photo courtesy: AIFF)

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *