সাধে কী আর ফুটবল মক্কা! মারকুইনহোসের চোখে এ শহর অনন্য! রায়ানকে নিয়ে সতর্ক ব্রাজিল
কলকাতায় পা রাখার পর থেকেই যেন ব্রাজিলের চারপাশে একটাই শব্দ-ভালোবাসা। বিমানবন্দর থেকে হোটেল, সেখান থেকে যুবভারতী-যেখানেই গিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, সেখানেই হলুদ জার্সির ঢেউ। ফুটবলের মক্কা কলকাতার এই উন্মাদনা যে ব্রাজিল শিবিরকেও ছুঁয়ে গিয়েছে, তা শুক্রবার সাংবাদিক বৈঠকেই পরিষ্কার হয়ে গেল। আনচেলোত্তির মুখে ভারতীয় ফুটবল নিয়ে প্রশংসা, আর মারকুইনহোসের কথায় কলকাতার মানুষের ভালোবাসায় মুগ্ধতার ছাপ।
ভারতের বিরুদ্ধে নামার আগে অবশ্য আবেগের জায়গায় কোনও ফাঁক রাখেননি আনচেলোত্তি। পানামার বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচের ভিডিও দেখে ইতিমধ্যেই খালিদ জামিলের দলের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করেছে ব্রাজিল। বিশেষ নজরে রায়ান উইলিয়ামস। ভারতীয় ফরোয়ার্ডের গতি এবং আক্রমণাত্মক দক্ষতা যে ব্রাজিলের নজরে পড়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ। অর্থাৎ শনিবারের ম্যাচকে নিছক প্রদর্শনী হিসেবে দেখছে না ব্রাজিল। ‘পানামার বিরুদ্ধে ভারতের ম্যাচ আমরা দেখেছি। ভারত ভালো দল। বিশেষ করে উইলিয়ামস আমাদের সমস্যায় ফেলতে পারে,’ বলেছেন আনচেলোত্তি।বিশ্বফুটবলের অন্যতম বড় দলের কোচের মুখে এই প্রশংসা রায়ানের জন্য যেমন বড় স্বীকৃতি, তেমনই ভারতীয় শিবিরের কাছেও বাড়তি অনুপ্রেরণা।

অন্য দিকে মারকুইনহোস যেন কলকাতার প্রেমেই পড়ে গিয়েছেন। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেললেও ভারতে এটাই তাঁর প্রথম সফর। আর প্রথম অভিজ্ঞতাতেই সমর্থকদের উন্মাদনায় আপ্লুত ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার। তাঁর কথায়, মাঠে ভালো ফুটবল এবং জয় দিয়েই সমর্থকদের এই ভালোবাসার মর্যাদা দিতে চান তাঁরা। নতুনদের কাছে ভারতের এই অভিজ্ঞতা আরও বিশেষ বলেও মনে করছেন তিনি। সমর্থকদের আবেগই তাঁদের আরও ভালো খেলার শক্তি দিচ্ছে বলে জানিয়েছেন মারকুইনহোস। ব্রাজিলের জন্য কলকাতার এই ম্যাচ আবার নতুন প্রজন্মকে সামনে আনারও মঞ্চ। বিশ্বকাপের আগের দলের ১৬ জন ফুটবলার রয়েছেন, পাশাপাশি দলে এসেছে বেশ কয়েকটি নতুন মুখ। ফলে শনিবার একাধিক তরুণের জাতীয় দলের জার্সিতে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আনচেলোত্তির কাছে সেটি কোনও পরীক্ষা নয়। বরং নিজেদের প্রমাণ করার মঞ্চ।

কলকাতার ফুটবল-আবেগ নিয়েও উচ্ছ্বসিত আনচেলোত্তি। ম্যাচটি প্রীতি হলেও দর্শকদের আবেগে তার গুরুত্ব কোনও অংশে কম নয় বলেই মনে করছেন তিনি। ভারতীয় ক্রীড়া সংস্কৃতিতে ক্রিকেটের বড় জায়গা মেনে নিয়েও ফুটবলের জনপ্রিয়তা ও সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছেন ব্রাজিল কোচ।
শনিবার যুবভারতীতে তাই শুধু ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক কিংবা মারকুইনহোসকে দেখার অপেক্ষা নয়। ব্রাজিলের নজরে থাকা রায়ান উইলিয়ামসও থাকবেন আলোচনার কেন্দ্রে। এক দিকে সাম্বার দেশের তারকারা, অন্য দিকে ভারতীয় আক্রমণের অন্যতম ভরসা। কলকাতার ফুটবলের মক্কায় এই মুখোমুখি লড়াইয়ের আগে তাই ব্রাজিল যেমন প্রস্তুত, তেমনই প্রস্তুত ভারতও। পার্থক্য শুধু এই-বিশ্বচ্যাম্পিয়নরা এসেছে নিজেদের নতুন দলকে পরখ করতে, আর ভারত এসেছে সেই মঞ্চে নিজেদের গল্পটা একটু নতুন করে লেখার আশায়।

