বিশ্বকাপে ইতিহাসের ছোঁয়া! ট্রফির সঙ্গে এবার মিলবে বিশেষ আংটি

0



ব্যাপারটা বিস্ময়কর। বিশ্বকাপ জিতলে এতদিন চ্যাম্পিয়ন দলের হাতে উঠত ট্রফি ও স্বর্ণপদক। এবার সেই ইতিহাস বদলাতে চলেছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে বিশেষ চ্যাম্পিয়নশিপ আংটি উপহার দেবে ফিফা। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন উদ্যোগ আগে কখনও দেখা যায়নি।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের জন্য তৈরি হয়েছে মোট ২,০২৬টি বিশেষ আংটি। এর মধ্যে ৩০টি দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের ফুটবলার ও প্রতিনিধিদের। বাকি আংটিগুলি বিশ্বজুড়ে সমর্থকদের জন্য অফিশিয়াল স্মারক হিসেবে বিক্রি করা হবে। প্রতিটি আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়। আলাদা নম্বর, ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি আংটি এবং তার সঙ্গে থাকবে সত্যতার শংসাপত্রও। এই নতুন সম্মানের দিকে তাকিয়ে রয়েছেন লিওনেল মেসিও। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে এই বিশেষ আংটি হাতে তুলবেন তিনি। পাশাপাশি তৃতীয়বারের মতো গোল্ডেন বল জয়েরও দৌড়ে এগিয়ে রয়েছেন মেসি।
ফাইনাল ঘিরে আরও একটি চমক রেখেছে ফিফা। শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের জমকালো হাফটাইম শো থাকলেও ম্যাচের বিরতি দীর্ঘ করা হচ্ছে না। প্রচলিত ১৫ মিনিটের বদলে বিরতি হবে মাত্র ১৭ মিনিট। এর মধ্যে ১১ মিনিট থাকবে সংগীত পরিবেশনা, আর বাকি সময়ে মঞ্চ সরানো এবং মাঠে জল ছিটিয়ে ঘাস সতেজ করার কাজ হবে। পাশাপাশি আগের মতোই দুই অর্ধে একটি করে হাইড্রেশন ব্রেক থাকছে। অর্থাৎ, মাঠের লড়াইয়ের পাশাপাশি ফাইনালে অপেক্ষা করছে ইতিহাস, প্রযুক্তি এবং বিনোদনের এক অনন্য মেলবন্ধন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *