বিশ্বকাপে কি অংশ নেবে ইরান? ফিফার সঙ্গে বৈঠকেই মিটবে ধোঁয়াশা!
২০২৬ ফুটবল বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, কিন্তু অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি ইরানের। বিশ্বমঞ্চে নামবে কি না-এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার ফিফার সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এই বৈঠক হওয়ার কথা, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে আয়োজিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন ইরানের প্রতিনিধিরা। অভিযোগ, টরন্টো বিমানবন্দরে তাঁদের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। শেষ পর্যন্ত কংগ্রেসে অংশ না নিয়েই দেশে ফিরে আসেন তাঁরা। ২১১টি সদস্য দেশের মধ্যে একমাত্র ইরানই ওই বৈঠকে অনুপস্থিত ছিল, যা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ দেশে ফিরে জানিয়েছেন, বিশ্বকাপ অংশগ্রহণের আগে বেশ কিছু বিষয় পরিষ্কার করা জরুরি। তাঁর কথায়, ‘আমাদের সামনে অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেই ফিফার সঙ্গে বসা’। ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের তরফে ইরানকে দ্রুত জুরিখে আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও সূত্রের খবর। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একাধিকবার আশাবাদী সুরে বলেছেন, ইরান নির্ধারিত সূচি মেনেই বিশ্বকাপে অংশ নেবে, তবুও বাস্তব পরিস্থিতি এতটা সহজ নয়। ভিসা জটিলতা, কূটনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ-সব মিলিয়ে ইরানের সামনে চ্যালেঞ্জ কম নয়। বিশেষ করে বিশ্বকাপের আয়োজক দেশগুলির মধ্যে যুক্তরাষ্ট্র থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্বকাপ শুরুর আগে এই বৈঠকই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। বৈঠকের ফলাফলের ওপরই নির্ভর করছে, এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরান শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে নিজেদের উপস্থিতি জানাতে পারবে, নাকি অনিশ্চয়তার আবহেই থমকে যাবে তাদের যাত্রা।
