মালদ্বীপে সমুদ্রের মাঝে মেয়েকে নিয়ে ছুটির মুডে সিদ্ধার্থ-কিয়ারা, ফ্রেমে ধরা পড়ল একরত্তির আদুরে মুহূর্ত
মা-বাবা হওয়ার পর জীবনের অনেক কিছুই বদলে যায়। তবে সেই ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য একটু সময় বার করে নেওয়াটা জরুরি, আর সেই কাজটাই করলেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্র।
সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন এই তারকা দম্পতি। সঙ্গে রয়েছে তাঁদের ছোট্ট মেয়েও। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে, সেই সফরের কিছু বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন কিয়ারা। আর সেই ছবিগুলিতেই ধরা পড়েছে তাঁদের জীবনের একেবারে অন্যরকম, নির্ভেজাল মুহূর্ত।
কখনও সমুদ্রের ধারে বালির উপর মাথা রেখে একান্তে সময় কাটাচ্ছেন কিয়ারা, আবার কখনও তাঁর আলমারিতে নিজের পোশাকের পাশে সাজানো ছোট্ট মেয়ের জামা, মা হওয়ার অনুভূতিটা যেন প্রতিটি ফ্রেমেই ফুটে উঠেছে। একটি ছবিতে দেখা যায় মা ও মেয়ের টুপি, একটিতে লেখা ‘মামা’, অন্যটিতে ‘মিনি’ লেখা। আবার কিয়ারার টুপিতে লেখা ‘ইন মাই মম এরা’। এই সব কিছুই প্রমাণ করে, অভিনেত্রী তাঁর মাতৃত্বকে ঠিক কতটা উপভোগ করছেন। শুধু তাই নয়, রঙিন বই ধরে থাকা ছোট্ট হাতের একটি ছবির মাধ্যমে কিয়ারা সামনে এনেছেন মেয়ের এক ঝলক।
সমুদ্রের নীল জলের গভীরে একসঙ্গে স্কুবা ডাইভিং করতে নামার মুহূর্তেও দেখা গেছে সিদ্ধার্থ এবং কিয়ারাকে। আবার ধরা পড়েছে, রাতের শান্ত পরিবেশে তাদের নাচে মেতে ওঠার দৃশ্যও, যা নজর কেটেছে নেটিজেনদের।
উল্লেখ্য, কয়েক দিন আগেই মালদ্বীপ থেকে কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন সিদ্ধার্থ। তবে কিয়ারার এই পোস্টে যেন আরও কাছ থেকে দেখা গেল তাঁদের পরিবারের এই সুন্দর মুহুর্তগুলি।
