গোল করেও খেলা থেকে হারিয়ে গেল ভারত ! শেষে উরুগুয়ের কাছে ছয়ের ধাক্কা
ব্রাজিলের বিরুদ্ধে লড়াকু ফুটবলের পর উরুগুয়ের সামনে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না ভারত। মঙ্গলবার যুবভারতীতে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ১-৬ গোলে হারল খালিদ জামিলের দল। শুরুতে সাহসী ফুটবল খেলে ম্যাচে সমতা ফিরিয়েছিল ভারত। কিন্তু বজ্রবিদ্যুতের কারণে খেলা বন্ধ হওয়ার পর ছবিটাই বদলে যায়। হারিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় উরুগুয়ে।

শুরু থেকেই ভারত প্রতিপক্ষের বক্সে যাওয়ার চেষ্টা করছিল। আনোয়ার আলির দূরপাল্লার শট দিয়ে প্রথম সুযোগও আসে ভারতের। তবে ১০ মিনিটে পরমবীরের ফাউলে পেনাল্টি পায় উরুগুয়ে। ১১ মিনিটে পেনাল্টি থেকে ডারউইন নুনেস গোল করে এগিয়ে দেন ২ বারের বিশ্বকাপজয়ীদের। ভারত অবশ্য দ্রুত ঘুরে দাঁড়ায়। ২৩ মিনিটে রাইয়ান উইলিয়ামসের প্রচেষ্টা উরুগুয়ের গোলরক্ষক থিয়াগো গ্যাসটনের হাত ফসকে বেরিয়ে এলে ফিরতি বলে গোল করেন অনিরুদ্ধ থাপা। দু’বারের বিশ্বকাপজয়ীদের বিরুদ্ধে ভারতের জার্সিতে তাঁর গোল হয়ে থাকে ম্যাচের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ২৭ মিনিটে বজ্রবিদ্যুতের কারণে খেলা বন্ধ হয়। প্রায় ৩৫ মিনিট পর ফের শুরু হতেই ভারত আর আগের ছন্দে ফিরতে পারেনি। বিরতির আগেই ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে ২-১ করে উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ে। ৫৩ মিনিটে রডরিগো জালাজার, ৫৯ মিনিটে ফের ম্যাক্সিমিলিয়ানো আরাউহো গোল করেন। পরে জুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া এবং রডরিগো সেবাস্তিয়ান আগুইরে আরও দু’টি গোল করে ভারতের বিপর্যয় নিশ্চিত করেন।

খালিদ জামিল সাহাল আব্দুল সামাদ ও বিজয় ভার্গিসকে নামিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও লাভ হয়নি। ব্রাজিল ম্যাচের মতোই বিরতির পর ভারতের রক্ষণে ফাটল ধরা পড়ে। ফলে তিন ম্যাচে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ভারতের গোল খাওয়ার সংখ্যা দাঁড়াল ১১। ভারতের প্রাপ্তি শুধু বিশ্বজয়ীদের বিরুদ্ধে অনিরুদ্ধ থাপার একটি গোল। ছবি সৌজন্যে এআইএফএফ (Photo courtesy: AIFF)


