মেয়াদ ফুরোনোর আগেই মহিলা কমিশন থেকে ইস্তফা লীনার, নেপথ্যে কি রাহুল-মৃত্যু বিতর্ক?

0



অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের পর থেকেই লীনা গঙ্গোপাধ্যায়ের মহিলা কমিশনের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি তুলেছিল ইন্ডাস্ট্রির একাংশ।

অনেকে ধরেই নিয়েছিলেন এই বার লেখিকা নিজেই সরে আসবেন এই পদ থেকে৷ সেই গুঞ্জনে পড়ল সিলমোহর। আডিশনের পক্ষ থেকে যোগযোগ করা হয় লীনার সঙ্গে। লেখিকা জানালেন, ইস্তফা পত্র পাঠিয়েছেন তিনি, এবার শুধু উত্তর মেলার অপেক্ষা।

রাহুলের মৃত্যুর তদন্ত সংক্রান্ত কোনও কারণেই কি  এই সিদ্ধান্ত? জানতে চাওয়া হলে তিনি জানান, ‘একদমই নয়, আমার ইস্তফার সঙ্গে ওই ঘটনার কোনও যোগসূত্র নেই। পরের মাসেই মেয়াদ শেষ হওয়ার কথা।  তাই তার আগেই আমি নিজে ইস্তফা দিয়ে দিচ্ছি । এমনিও আমাদের সময় ফুরিয়েছে, সব কিছুই এখন নতুন তাই এই সিদ্ধান্ত।’

২৯ মার্চ শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুলের অস্বাভাবিক মৃত্যুতে তোলপাড় হয়েছিল টলিপাড়া। সেই সময় একাধিক অভিযোগের তির ছিল লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর দিকে। যাতে অভিনেতার মৃত্যুর তদন্ত প্রক্রিয়াতে কোনও বাধা না আসে তাই সেই সময় নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন লীনা। যদিও তখন নিজের পদ ছাড়েননি তিনি। বাংলায় পদ্ম ফুল ফোটার পরেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত কেন লীনার? সেই উত্তর অবশ্য মেলেনি। এরই মধ্যে খবর, রাহুলের ঘটনার পর থেকে তিনি আর অফিসে যাননি। সম্ভবত আগামিকাল এই বিষয় বৈঠক হবে৷ যেখানে নাকি চূড়ান্ত হবে সবটা৷

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *