বৃষ্টি বাধা জয় করে শীর্ষে বাগান, গুয়াহাটিতে ৩ ঘণ্টার লড়াইয়ে নর্থইস্ট পরাস্ত!
গুয়াহাটির আকাশ যেন শনিবার মোহনবাগানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই রেখেছিল। নাহলে ৩ পয়েন্ট পেতে ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়! মোহনবাগানের প্রতিপক্ষ শুধু নর্থইস্ট ইউনাইটেড নয়, সঙ্গে ছিল অবিরাম বৃষ্টি, জলমগ্ন মাঠ আর দীর্ঘ অপেক্ষার পরীক্ষা। কিন্তু সব বাধা পেরিয়েই জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন ম্যাচে ১-০ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে এল সের্জিও লোবেরার দল।
ম্যাচের শুরুতেই যেন ঝলসে উঠেছিল বাগান। মাত্র ৫ মিনিটে সাহাল আব্দুল সামাদের নিখুঁত কাটব্যাক থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়িয়ে দেন ব্রাজিলীয় স্ট্রাইকার রবসন রবিনহো। সেই একটাই গোল শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। শুরু থেকে মাঝমাঠের দখল নিয়ে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে মোহনবাগান। প্রথম ২০ মিনিটে নর্থইস্টকে কার্যত চাপে রেখে দেয় তারা।

তবে ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে নর্থইস্ট ইউনাইটেড। পালটা আক্রমণে কয়েকটি সুযোগও তৈরি করে কিন্তু ফিনিশিংয়ের অভাবে সমতা ফেরানো সম্ভব হয়নি। এরই মাঝে গুয়াহাটির আকাশ ভেঙে নামে প্রবল বৃষ্টি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের গতিপথ বদলে দেয় প্রকৃতি।

বিরতির পর নির্ধারিত সময়ে খেলা শুরুই করা যায়নি। বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টিতে মাঠ জলমগ্ন হয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে খেলা বন্ধ থাকে। একসময় আশঙ্কা তৈরি হয়েছিল ম্যাচ পরিত্যক্ত হওয়ার। কিন্তু মাঠকর্মীদের আপ্রাণ চেষ্টায় জল সরানোর পর অবশেষে আবার শুরু হয় ম্যাচ। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠের অবস্থা ছিল কার্যত পুকুরের মতো।

বল গড়ানোর বদলে থেমে যাচ্ছিল, প্রতিটি পাসে ছিটকে উঠছিল জল। তবে শেষ পর্যন্ত রক্ষণ শক্ত রেখেই এক গোলের ব্যবধান ধরে রাখে সবুজ মেরুন ব্রিগেড। এই জয়ের ফলে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল মোহনবাগান। দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসির ঝুলিতে ১৮ পয়েন্ট। অন্যদিকে, ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। এদিন গ্যালারিতে শ্রদ্ধা জানিয়ে জুবিন গর্গের টিফো তুলে ধরেন সবুজ মেরুন সমর্থকরা।
